November 11, 2026
Uncategorized

গম্ভীরের সঙ্গে ঝামেলা, অবশেষে চাকরি ছাড়লেন ওভালের পিচ-নির্মাতা!

সংবাদ কলকাতা: ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছিলেন। সেই বিতর্কিত পিচ-নির্মাতা লি ফর্টিস অবশেষে চাকরি ছাড়লেন। ইংল্যান্ডের কাউন্টি দল সারের সঙ্গে ১২ বছরের সম্পর্ক শেষ হল তাঁর। শুধু গম্ভীর নয়, সারের একাধিক কর্মী এবং ক্লাবের মুখ্যকর্তা স্টিভ এলওয়ার্দির সঙ্গেও ঝামেলায় জড়িয়েছিলেন তিনি।

গত অগস্টে ফর্টিসের বিরুদ্ধে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ প্রকাশ্যে আসে। তার পর থেকেই তাঁকে ছুটিতে পাঠানো হয়েছিল। বুধবার চাকরি ছাড়ার কথা জানান তিনি। সারের এক কর্মীও এই খবর নিশ্চিত করেছেন।

গত ২৮ জুলাই ওভালে ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতার একটি ম্যাচের আগে মাঠকর্মীর সঙ্গে ঝামেলায় জড়ান ফর্টিস। অভিযোগ, পিচ তৈরির কাজে ব্যস্ত ওই কর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেন তিনি। তাঁর কথায় অপমানিত হয়ে কান্নায় ভেঙে পড়েন ওই কর্মী। এর পর মাঠ ছেড়ে চলে যান তিনি।

ঘটনার পর সারের মুখ্যকর্তা স্টিভ এলওয়ার্দি ফর্টিসের সঙ্গে বৈঠক করেন। যদিও সেই বৈঠকের বিস্তারিত প্রকাশ্যে আনেননি তিনি। পরে ফর্টিসকে ছুটিতে পাঠানো হয়। শেষ পর্যন্ত আর কাজে ফেরেননি তিনি।

এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন এই মাঠকর্মী। ২০২৫ সালে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের শেষ ম্যাচের আগে ওভালের পিচ দেখতে গিয়ে গম্ভীরের সঙ্গে তাঁর বাদানুবাদ হয়। পিচ পরিদর্শন নিয়ে দু’জনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় গম্ভীর তাঁকে বলেছিলেন, ‘আপনি শুধুই একজন মাঠকর্মী। তার বেশি কিছু নয়।’ পরে ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাকও ফর্টিসের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

২০১২ সালে ওভালের প্রধান মাঠকর্মী হিসাবে দায়িত্ব পান ফর্টিস। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা তিন বছর ইংল্যান্ডের সেরা মাঠকর্মীর পুরস্কারও পেয়েছিলেন তিনি। তবে তাঁর কাজের দক্ষতার পাশাপাশি আচরণ নিয়েও বার বার প্রশ্ন উঠেছে।

ফর্টিসের বিদায়ের পর এখন নতুন পিচ-নির্মাতা খুঁজতে হবে সারেকে। কারণ, আগামী বছর ওভালে অ্যাশেজ়ের ম্যাচের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের কথা রয়েছে। তাই গুরুত্বপূর্ণ ক্রিকেট মরসুমের আগে মাঠের দায়িত্ব কাকে দেওয়া হয়, এখন সেটাই দেখার।

Related posts

Leave a Comment