November 10, 2026
কলকাতা

আরজি কর দুর্নীতি মামলা: ইডির দপ্তরে হাজির সন্দীপ ঘোষ

সংবাদ কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই সমন মেনে মঙ্গলবার দুপুরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজির হন তিনি। এর আগে একবার তলব করা হলেও হাজিরা দেননি সন্দীপ। বরং তদন্তকারী সংস্থার কাছে চিঠি পাঠিয়ে অতিরিক্ত সময় চেয়েছিলেন। এরপর দ্বিতীয়বার তাঁকে নোটিস পাঠিয়ে হাজিরার নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরজি কর মেডিক্যাল কলেজে এক চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত চলাকালীনই হাসপাতালের আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিবিআই। পরে আর্থিক দুর্নীতির মামলায় তদন্তে নামে ইডিও। এই ঘটনায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছিল সিবিআই।

ইডির অভিযোগ, আরজি কর হাসপাতালের অ্যাকাউন্ট থেকে ঠিকাদারদের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা পাঠিয়ে পরিকল্পিত ভাবে তা আত্মসাৎ করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে তাঁদের ঘনিষ্ঠ সহযোগীদের নামে চেক ইস্যু করা হয়। সেই চেকের মাধ্যমে টাকা তুলে নেওয়া অথবা অন্য সহযোগী সংস্থার অ্যাকাউন্টে সরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। পরে বিভিন্ন মাধ্যমে ওই টাকা তুলে নেওয়া হয়েছিল বলে দাবি তদন্তকারীদের। এই গোটা আর্থিক লেনদেনের ঘটনায় সন্দীপ ঘোষের ভূমিকা রয়েছে বলে অভিযোগ ইডির।

এই মামলার তদন্তের সূত্র ধরেই গত ৪ নভেম্বর সন্দীপ ঘোষকে প্রথমবার তলব করেছিল ইডি। কিন্তু নির্ধারিত দিনে তিনি হাজিরা দেননি। পরিবর্তে তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়ে ১৫ দিন সময় চেয়ে নেন। প্রয়োজনে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁকে জিজ্ঞাসাবাদ করার আবেদনও জানিয়েছিলেন তিনি।

তবে ইডি তাঁর সেই আবেদন মেনে নেয়নি। নতুন করে নোটিস পাঠিয়ে মঙ্গলবার সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। ইডি সূত্রে খবর, মঙ্গলবারও আইনজীবীর মাধ্যমে সময় চাওয়ার চেষ্টা করেছিলেন সন্দীপ। কিন্তু তদন্তকারীরা আর সময় দিতে রাজি হননি। শেষ পর্যন্ত দুপুর ১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। যদিও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি।

উল্লেখ্য, সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘদিন জেলবন্দি ছিলেন সন্দীপ ঘোষ। এই মামলায় জামিনের জন্য কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু তাঁর জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছিল, সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই অর্থের সঙ্গে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা সরাসরি যুক্ত। অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কার কথাও উল্লেখ করেছিল আদালত।

এরপর হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে আবেদন করেন সন্দীপ। দীর্ঘদিন বন্দিদশা এবং বিচারপ্রক্রিয়ার অগ্রগতির বিষয়টি বিবেচনা করে গত ১৬ অক্টোবর তাঁকে জামিন দেয় শীর্ষ আদালত। বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি প্রশান্ত বি বরলের বেঞ্চ এই নির্দেশ দেয়। জেলবন্দি থাকাকালীন ইডি এই মামলায় তাঁকে গ্রেপ্তার বা হেফাজতে নেয়নি। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তাঁর মুক্তির ক্ষেত্রে বাধা ছিল না।

অন্যদিকে, গত ফেব্রুয়ারিতেই আর্থিক দুর্নীতির এই মামলায় চার্জশিট জমা দিয়েছিল ইডি। সেই চার্জশিটে সন্দীপ ঘোষের নাম রয়েছে। এবার নতুন করে তাঁকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আর্থিক লেনদেন এবং ঠিকাদারদের সঙ্গে কথিত যোগসাজশের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে চাইছেন তদন্তকারীরা। ফলে মঙ্গলবারের হাজিরার পর তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রয়েছে।

Related posts

Leave a Comment