28 C
Kolkata
October 30, 2026
রাজ্য

ব্যারাকপুরে বিজেপি বিধায়ক কৌস্তুভকে ঘিরে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা— বিজেপির অন্দরের গোষ্ঠী সংঘাত এবার প্রকাশ্যে আরও তীব্র হল ব্যারাকপুরে। দলের বিধায়ক কৌস্তুভ বাগচীকে লক্ষ্য করে শুক্রবার ‘গো ব্যাক’ স্লোগান তুললেন একদল বিজেপি কর্মী। নীলগঞ্জের কৃষি ও পাট গবেষণা কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। মণীশ শুক্ল খুনের ঘটনায় অভিযুক্তদের সঙ্গে অর্জুন সিংহের ছবি প্রকাশ্যে আসার পর কৌস্তুভের মন্তব্য ঘিরেই এই ক্ষোভ বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

শুক্রবার দুপুরে নীলগঞ্জের কৃষি ও পাট গবেষণা কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন কৌস্তুভ। তাঁর গাড়ি কেন্দ্রের সামনে পৌঁছতেই প্ল্যাকার্ড হাতে জড়ো হন স্থানীয় বিজেপি কর্মীদের একাংশ। বিধায়কের গাড়ি বেরোনোর সময় শুরু হয় ‘গো ব্যাক’ স্লোগান। বেশ কিছুক্ষণ ধরে চলে অবস্থান বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ, মণীশ শুক্ল খুনের ঘটনা নিয়ে নোয়াপাড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ সম্পর্কে প্রকাশ্যে বিরূপ মন্তব্য করেছেন কৌস্তুভ। তারই প্রতিবাদে এই কর্মসূচি।



গত কয়েক দিন ধরেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে কৌস্তুভ ও অর্জুন-ঘনিষ্ঠ শিবিরের মধ্যে চাপানউতর চলছে। মণীশ শুক্ল খুনের ঘটনায় অভিযুক্তদের সঙ্গে অর্জুনের ছবি সামনে আসার পর ক্ষোভ প্রকাশ করেছিলেন কৌস্তুভ। সেই মন্তব্যের জেরেই দুই শিবিরের বিরোধ আরও প্রকাশ্যে আসে। এমনকি, কৌস্তুভ যাঁদের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন, তাঁদের এক জনের বাড়িতে অন্য শিবিরের নেতাকর্মীদের বিজয়ার শুভেচ্ছা জানাতে যাওয়ার ঘটনাও রাজনৈতিক মহলে চর্চা তৈরি করেছিল। এবার সরাসরি দলীয় বিধায়কের বিরুদ্ধেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীদের একাংশ।

বিক্ষোভের পর নিজের অবস্থানে অনড় থেকেছেন কৌস্তুভ। তাঁর দাবি, যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন, তাঁরা প্রকৃত বিজেপি কর্মী নন, তৃণমূলের লোকজন। তাঁর অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর অর্থাৎ ৪ তারিখের পরে ওই ব্যক্তিরা বিজেপির পরিচয় নিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, দলের প্রকৃত কর্মীদের মধ্যে তাঁর মন্তব্য নিয়ে কোনও অসন্তোষ নেই।

অর্জুন সিংহকে নিশানা করেও কৌস্তুভের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি দাবি করেন, অর্জুনের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনও শত্রুতা নেই। তবে তিনি অন্য কোনও দলে টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেননি। ২০২৪ সালের মার্চে ব্রিগেডে তৃণমূলের ‘জনগর্জন’ সমাবেশে অর্জুনের উপস্থিতির কথাও মনে করিয়ে দেন কৌস্তুভ। ওই সমাবেশের পরেই অর্জুন বিজেপিতে যোগ দিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।

নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে কৌস্তুভ আরও বলেন, তাঁর সহনশীলতাকে যেন কেউ দুর্বলতা বলে মনে না করেন। রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যের মাধ্যমে দলের অন্দরে নিজের অবস্থান নিয়েও স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন তিনি।

অন্য দিকে, বিক্ষোভের ঘটনায় অর্জুন সিংহ বা তাঁর ঘনিষ্ঠদের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দলের দুই শিবিরের এই সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related posts

Leave a Comment