বাকু— ম্যাচের প্রথম ১০ মিনিটেই তিন গোল হজম করে বসেছিল ভারত। কিন্তু সেখান থেকে অবিশ্বাস্য লড়াইয়ে সমতা ফিরিয়ে এনেছিল অনূর্ধ্ব-১৫ দল। নির্ধারিত সময়ে ৫-৫ গোলে শেষ হয়েছিল কাজাখস্তানের বিরুদ্ধে ম্যাচ। তবে শেষরক্ষা হয়নি টাইব্রেকারে। শেষ পর্যন্ত ৪-৫ ব্যবধানে হারতে হয় ভারতকে। ম্যাচে একাই চারটি গোল করেন ভিক্টর লালমপুইয়া। আজারবাইজানে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবের ৮৫ থেকে ৮৮ নম্বর স্থানের লড়াইয়ে এই নাটকীয় ম্যাচ খেলেছিল ভারত।
বৃহস্পতিবার শুরু থেকেই ভারতীয় রক্ষণকে চাপে ফেলে কাজাখস্তান। ম্যাচের ষষ্ঠ মিনিটে আলিখান কুয়ান্ডিকের গোলে এগিয়ে যায় তারা। তিন মিনিটের মধ্যে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান কুয়ান্ডিক। ১০ মিনিটে আর্থুর আবদুশেয়েভের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০। প্রথম ১০ মিনিটেই কার্যত কঠিন পরিস্থিতিতে পড়ে যায় ভারতীয় দল।
কিন্তু তিন গোল পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ভারতের তরুণ ফুটবলাররা। ১২ মিনিটে ভিক্টর লালমপুইয়ার গোলে ব্যবধান কমে। ১৫ মিনিটে প্রতিপক্ষের রক্ষণে ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। তিন মিনিট পরে দুরন্ত ব্যক্তিগত দক্ষতায় গোল করে ভারতকে সমতায় ফেরান আর লালরেম রুয়াতফেলা। প্রথমার্ধের শেষ দিকে আবারও গোল করেন লালমপুইয়া। তাঁর হ্যাটট্রিকে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভারত।

দ্বিতীয়ার্ধে অবশ্য পাল্টা আক্রমণে ম্যাচে ফেরে কাজাখস্তান। ২৭ মিনিটে নিজের তৃতীয় গোল করে সমতা ফেরান কুয়ান্ডিক। এর দু’মিনিট পর ঝাঙ্গির সেরিকের দূরপাল্লার শটে আবার এগিয়ে যায় কাজাখস্তান। ভারত তখন ফের পিছিয়ে।
তবে ম্যাচের শেষ দিকে আবারও জ্বলে ওঠেন লালমপুইয়া। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে দীপক সিং আরামবামের কর্নার থেকে হেডে বল জালে পাঠিয়ে নিজের চতুর্থ গোলটি করেন তিনি। ফলে ৫-৫ ব্যবধানে সমতায় ফেরে ভারত। নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য টাইব্রেকারের সাহায্য নিতে হয়।
টাইব্রেকারের প্রথম চারটি শটে দুই দলই গোল করে। ভারতের হয়ে সফল হন নারা, ভিক্টর লালমপুইয়া, বিরজিৎ সিং আমোম এবং মহম্মদ সোহিল খান। কিন্তু পঞ্চম শটে লালরেম রুয়াতফেলার প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে আসে। কাজাখস্তানের সেরিকও নিজের শট পোস্টে মারায় লড়াই গড়ায় সাডেন ডেথে। সেখানে সৌম্যজিৎ সরকারের শট আটকে দেন কাজাখস্তানের গোলরক্ষক। এরপর ঝানসেইত আবুজুসিপ গোল করে দলের জয় নিশ্চিত করেন। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে যায় কাজাখস্তান।
এর আগে একই দিন আফগানিস্তানের কাছেও ১-২ গোলে হেরেছিল ভারত। ফলে কাজাখস্তানের বিরুদ্ধে এই হার ছিল দলের পরপর দ্বিতীয় পরাজয়। তবে প্রতিযোগিতায় ভারতের শেষ ম্যাচে ছবিটা বদলায়। শুক্রবার ৮৭তম স্থানের প্লে-অফে কিউবাকে ৬-৪ গোলে হারিয়ে অভিযান শেষ করে ভারত। ফলে ১৮৯টি দেশের মধ্যে ৮৭তম স্থানে প্রতিযোগিতা শেষ করে অনূর্ধ্ব-১৫ দল। কাজাখস্তানের বিরুদ্ধে চার গোল করা লালমপুইয়ার লড়াই অবশ্য ম্যাচের অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে থাকল।
