সংবাদ কলকাতা:— গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে দার্জিলিং যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কিন্তু শেষ মুহূর্তে সেই সফর বাতিল হয়েছে। বুধবার গুজরাতের বডনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পাওয়ায় মুখ্যমন্ত্রীর সফরসূচিতে এই পরিবর্তন বলে নবান্ন সূত্রে খবর।
২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম বার শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই হিসাবে চলতি মাসেই তাঁর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্ণ হচ্ছে। এই উপলক্ষে বিজেপির ‘সেবা সংকল্প’ কর্মসূচির সমাপ্তি ঘিরে বুধবার বডনগরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজেপি-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। সেই কর্মসূচিতে যোগ দিতেই শুভেন্দু গুজরাত যাচ্ছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

এর ফলে গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। গত সেপ্টেম্বরেই কলকাতায় এসে শুভেন্দুর সঙ্গে বৈঠক করেছিলেন মোর্চা সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরি। পূর্ত দফতরের ময়দান তাঁবুতে আয়োজিত সেই বৈঠকে পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেই সময়ই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন মোর্চার দুই শীর্ষ নেতা।
আমন্ত্রণ গ্রহণ করে শুভেন্দু জানিয়েছিলেন, দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে জরুরি কোনও কর্মসূচিতে দিল্লি বা অন্যত্র যেতে বলা না হলে তিনি দার্জিলিংয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। সেই অনুযায়ী নবান্নের তরফে মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের কর্মসূচিও তৈরি করা হয়েছিল।
কিন্তু শেষ মুহূর্তে বডনগরের অনুষ্ঠানের কারণে সেই সূচিতে পরিবর্তন করা হয়েছে। নবান্ন সূত্রের খবর, বুধবার বডনগরের অনুষ্ঠান শেষ করে রাতেই কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর। পরের দিন, বৃহস্পতিবার, তাঁর মালদহ জেলা সফরের কর্মসূচি রয়েছে।
