সংবাদ কলকাতা:— শরতের মাঝেও ফের সক্রিয় বর্ষার দাপট। বুধবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির জেরে চার জেলাতেই হলুদ সতর্কতার পর কমলা সতর্কতা জারি করা হয়েছে।
সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দুপুর ৩টে পর্যন্ত দুর্যোগের পরিস্থিতি চলতে পারে বলে জানানো হয়েছে।
হাওয়া অফিসের মতে, দক্ষিণবঙ্গ থেকে এখনও পুরোপুরি বিদায় নেয়নি বর্ষা। তার উপর বাতাসে রয়েছে পর্যাপ্ত জলীয় বাষ্প। এই দুইয়ের প্রভাবে স্থানীয় স্তরে মেঘ তৈরি হয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার পরও কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছিল। বুধবার ফের বৃষ্টির পরিমাণ বাড়ে। ফলে শরতের উৎসবের মরসুমে আবহাওয়ার পরিবর্তনে চিন্তা বেড়েছে সাধারণ মানুষের।
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রপাতের পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
শুধু দক্ষিণবঙ্গ নয়, শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন অংশেই বর্ষার রেশ বজায় থাকতে পারে।
