পানিহাটি— পশ্চিমবঙ্গের ভোট-পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে তীব্র অভিযোগ তুললেন পানিহাটির বিজেপি (BJP) বিধায়ক রত্না দেবনাথ (Ratna Debnath)। তিনি দাবি করেছেন, তৃণমূল কংগ্রেসের (TMC) কিছু কর্মী নিজেদের বিজেপি সমর্থক পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় অশান্তি তৈরি করছে। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, তৃণমূলের কোনও কর্মীকে বিজেপিতে যোগ দিতে দেওয়া হবে না।
রত্না দেবনাথ বলেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময় শেষ হয়ে গিয়েছে। কিন্তু তিনি এখনও পরাজয় স্বীকার করছেন না। এই হিংসার পিছনে সেই মানসিকতাই কাজ করছে।’ তাঁর অভিযোগ, তৃণমূলের কিছু কর্মী গেরুয়া রং ব্যবহার করে বিজেপির নামে এলাকায় ভাঙচুর ও সন্ত্রাস চালাচ্ছে।
পানিহাটি (Panihati) কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক আরও বলেন, ‘আমি কোনও তৃণমূল কর্মীকে বিজেপিতে ঢুকতে দেব না। কোনও দুষ্কৃতীকে জায়গা দেওয়া হবে না।’ তাঁর দাবি, ভোটের ফল ঘোষণার পরেও একাধিক এলাকায় উত্তেজনা বজায় রয়েছে।
তিনি জানিয়েছেন, এই ঘটনাগুলি নিয়ে ইতিমধ্যেই দু’টি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘পুলিশ জানিয়েছিল অভিযুক্তরা নাকি আমার ঘনিষ্ঠ। আমি বলেছি, ঘনিষ্ঠ হলেই কেউ আইনের বাইরে চলে যায় না।’
রত্না দেবনাথ আরও জানান, পানিহাটির ১৪ নম্বর ওয়ার্ডে বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। সেখানে চার জন আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। একজনের অস্ত্রোপচারও হয়েছে বলে দাবি করেছেন তিনি।
বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সহকারী চন্দ্রনাথ রাঠের মৃত্যুর ঘটনাকেও তিনি ‘পরিকল্পিত খুন’ বলে বর্ণনা করেছেন। তাঁর কথায়, ‘চন্দ্রনাথ খুব ভাল মানুষ ছিলেন। তাঁর মৃত্যু আমি মেনে নিতে পারছি না।’
এলাকার মানুষের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাসও দিয়েছেন রত্না দেবনাথ। তিনি জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠক করে তাঁদের সমস্যার সমাধানের চেষ্টা করবেন।
