সংবাদ কলকাতা: হাওড়া স্টেশন (Howrah Station) সংলগ্ন এলাকা থেকে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে হাওড়া স্টেশনের সাবওয়ে সংলগ্ন এলাকা থেকে পেয়ারেলাল নামে ওই ব্যবসায়ীকে একটি বাইক ও একটি স্কুটিতে করে আসা তিন জন অপহরণ করে বলে অভিযোগ। পরে তাঁকে লিলুয়া (Liluah) থানা এলাকার ঝিল পাড় রোডের একটি বহুতল আবাসনে আটকে রেখে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয় বলে পুলিশ সূত্রে খবর।
পরিবার সূত্রে খবর, বুধবার রাত থেকে ব্যবসায়ীর সঙ্গে বারবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর বৃহস্পতিবার সকালে গোলাবাড়ি থানায় (Golabari Police Station) অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে গোলাবাড়ি থানার পুলিশ। হাওড়া স্টেশন সংলগ্ন এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা। ফুটেজে দেখা যায়, একটি বাইক ও একটি স্কুটিতে করে তিন জন এসে ব্যবসায়ীকে তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ।
তদন্তের পাশাপাশি ব্যবসায়ীর মোবাইল ফোনের অবস্থান জানতে মোবাইল টাওয়ারও ট্র্যাক করা হয়। গোলাবাড়ি থানার সঙ্গে তদন্তে যোগ দেয় লিলুয়া থানার (Liluah Police Station) পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং মোবাইলের অবস্থান মিলিয়ে লিলুয়ার ঝিল পাড় রোডের একটি আবাসনের সন্ধান পান তদন্তকারীরা।
বৃহস্পতিবার রাতে সেখানে যৌথ অভিযান চালিয়ে ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে সাত জনকে আটক করে পুলিশ। তাঁদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
ব্যবসায়ীর সঙ্গে অভিযুক্তদের আগে থেকেই পরিচয় ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে টাকার লোভে অপহরণের সম্ভাবনার কথা মনে করা হলেও এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। আটক সাত জনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
