লেস্টার— পিচের মান খারাপ হওয়ায় বড় শাস্তির মুখে পড়ল লেস্টারশায়ার। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে নিম্নমানের পিচ তৈরির অভিযোগে কাউন্টি দলটির ২৭ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি করা হয়েছে ৫,০০০ পাউন্ড জরিমানাও। আর এই পিচ খারাপ হওয়ার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিংয়ের প্রসঙ্গ। যদিও শুটিংয়ের কারণে পিচের অবস্থা খারাপ হয়েছিল—লেস্টারশায়ারের সেই যুক্তি পুরোপুরি মেনে নেয়নি ক্রিকেট ডিসিপ্লিন প্যানেল (সিডিপি)।
ঘটনার সূত্রপাত লেস্টারের গ্রেস রোডে লেস্টারশায়ার ও গ্ল্যামারগনের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচকে ঘিরে। গত ২০ থেকে ২৩ আগস্ট হওয়া সেই ম্যাচে ৪২ রানে জয় পেয়েছিল লেস্টারশায়ার। কিন্তু ম্যাচের পর পিচকে ‘পুওর’ বা নিম্নমানের বলে রিপোর্ট করেন ম্যাচ রেফারি ইয়ান রামেজ।
পিচ নিয়ে অভিযোগ তুলেছিলেন গ্ল্যামারগনের কোচ রিচার্ড ডসনও। তাঁর দাবি ছিল, পিচে অসমান বাউন্সের কারণে ব্যাটারদের চোট পাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। ম্যাচ রেফারির রিপোর্ট অনুযায়ী, ওই ম্যাচে মোট ৪৩টি অসমান বাউন্স নথিবদ্ধ হয়েছিল।
পিচের পরিস্থিতি নিয়ে লেস্টারশায়ারের হেড গ্রাউন্ডসম্যান কলাম লেউইন অবশ্য একাধিক কারণের কথা জানিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, প্রচণ্ড গরমের পাশাপাশি ম্যাচের মাত্র চার দিন আগে হওয়া একটি ‘অনির্ধারিত’ বলিউড শুটিংও পিচ তৈরির কাজে প্রভাব ফেলেছিল। তাঁর দাবি, ম্যাচের আগে পিচ নিয়ে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছিল, যেগুলি তাঁর নিয়ন্ত্রণের বাইরে ছিল।
লেউইনের বক্তব্য অনুযায়ী, ওই পিচটি আগে থেকেই ব্যবহৃত ছিল। প্রায় ১০ সপ্তাহ আগে সেখানে দু’টি টি-টোয়েন্টি ম্যাচও খেলা হয়েছিল। তার উপর ম্যাচের আগে তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। সব মিলিয়েই পিচের মান বজায় রাখা কঠিন হয়ে পড়েছিল বলে দাবি করেন তিনি।

এর পরেই সামনে আসে সৌরভের বায়োপিকের শুটিংয়ের প্রসঙ্গ। লেউইনের দাবি, ম্যাচ শুরুর চার দিন আগে গ্রেস রোডে একটি বলিউড ছবির শুটিং হয়েছিল। সেই সময় তাঁকে পিচে প্রয়োজনীয় কাজ করতে দেওয়া হয়নি। এমনকি পিচ ঢাকার অনুমতিও মেলেনি বলে দাবি করেন তিনি। লেস্টারশায়ারের তরফে পিচের খারাপ অবস্থার ব্যাখ্যা দিতে এই বিষয়টিও সামনে আনা হয়।
তবে লেস্টারশায়ারের এই যুক্তি পুরোপুরি গ্রহণ করেনি সিডিপি। প্যানেলের পর্যবেক্ষণ, গ্রেস রোডে বলিউড ছবির শুটিং হয়েছিল মাত্র এক দিন। তাই শুধুমাত্র সেই শুটিংকে পিচের নিম্নমানের হওয়ার ক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণ হিসেবে বিবেচনা করা যায় না।
এর পরেই শাস্তির সিদ্ধান্ত জানানো হয়। গ্ল্যামারগনের বিরুদ্ধে জয়ের জন্য লেস্টারশায়ার যে ১৯ পয়েন্ট পেয়েছিল, তা কেড়ে নেওয়া হয়েছে। এর সঙ্গে আরও আট পয়েন্টের শাস্তি যোগ হয়েছে। অর্থাৎ মোট ২৭ পয়েন্ট হারিয়েছে লেস্টারশায়ার। পাশাপাশি কাউন্টি দলটিকে ৫,০০০ পাউন্ড জরিমানাও করা হয়েছে।
তবে অতিরিক্ত আট পয়েন্টের শাস্তির ক্ষেত্রে কিছুটা সময় দেওয়া হয়েছে লেস্টারশায়ারকে। এই শাস্তি ২০২৭ মরসুমের শেষ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। সেই সময়ের মধ্যে ফের পিচ সংক্রান্ত নিয়ম ভাঙলে স্থগিত থাকা আট পয়েন্টের শাস্তিও কার্যকর হবে। লেস্টারশায়ার অবশ্য সিডিপির সিদ্ধান্তের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে এখনও ভাবনাচিন্তা করছে।
এই শাস্তির ফলে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে লেস্টারশায়ারের পরিস্থিতি আরও কঠিন হয়ে গেল। ১২ ম্যাচে তাদের জয় মাত্র দু’টি, ড্র ছ’টি। পয়েন্ট কেটে নেওয়ার পর টেবিলের একেবারে নীচে নেমে গিয়েছে তারা। ফলে ডিভিশন ওয়ানে টিকে থাকার লড়াই এখন লেস্টারশায়ারের জন্য আরও কঠিন হয়ে পড়েছে।
