সংবাদ কলকাতা: অন্নপূর্ণা দিবসের মঞ্চ থেকে পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধাননগরের বইমেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় নারী ক্ষমতায়ন, বাল্যবিবাহ রোধ, মাদকমুক্ত পশ্চিমবঙ্গ এবং মহিলাদের আর্থিক সহায়তা-সহ একাধিক বিষয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। তবে বক্তব্যে একবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেননি শুভেন্দু।
মুখ্যমন্ত্রী বলেন, ‘নেশামুক্ত পশ্চিমবঙ্গ গড়ব। সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি, বাল্যবিবাহ ও বাল্যবয়সে সন্তান প্রসব বন্ধ করতে এসেছি। এই সরকার শুধু ভাতা দিতে আসেনি। সংস্কার করতে এসেছে।’
নারী নিরাপত্তার প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। শুভেন্দু বলেন, ‘আমরা এই চার মাসে প্রথম যে কাজটা করেছি, মা-বোনেদের উপরে যে অত্যাচার হয়েছে, তার জন্য আমরা কমিশন বানিয়েছি। অত্যাচার হলে আমরা ছাড়ব না। আমাদের এটা কমিটমেন্ট।’
অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির টাকা নিয়েও এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, দেড় কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পাঠানো হয়েছে। যোগ্য বাকি আবেদনকারীদের অ্যাকাউন্টেও ধাপে ধাপে টাকা পৌঁছবে। অন্নপূর্ণা যোজনায় প্রতি মাসে মহিলাদের ৩ হাজার টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। সেপ্টেম্বরের কিস্তি ১৭ সেপ্টেম্বর থেকেই দেওয়া শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রসঙ্গও টানেন শুভেন্দু। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে ৫০ লক্ষের বেশি নতুন বাড়ি তৈরির জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে। ওই বাড়িগুলির মালিকানা মহিলাদের নামে করার পরিকল্পনার কথাও জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘এই সমস্ত বাড়ির মালিক মহিলারা হবেন। মহিলাদের নামে এগ্রিমেন্ট করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির মালিক আমরা মহিলাদেরই করব।’
নারী ও কন্যাদের জন্য সরকারের অন্যান্য উদ্যোগের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ৫ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। ১৪ আগস্ট ‘কন্যা রত্ন দিবস’-এ মেয়েদের অ্যাকাউন্টে ১ হাজার টাকা করে দেওয়া হয়েছে এবং আগামী বছর সেই অর্থ বাড়িয়ে ২ হাজার টাকা করার পরিকল্পনা রয়েছে।
বাল্যবিবাহ রোধে আরও কড়া অবস্থানের কথা জানিয়ে শুভেন্দু বলেন, ‘১৮ বছরের আগে কোনও বালিকাকে বিবাহ দিতে দেব না।’ উচ্চমাধ্যমিকের পর মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য স্নাতকস্তরে তিন বছরে মোট ৫০ হাজার টাকা দেওয়ার কথাও জানান তিনি।
অন্নপূর্ণা দিবস উপলক্ষে এদিন বিধাননগরের বইমেলা প্রাঙ্গণে বিপুল সংখ্যক মহিলা উপভোক্তার সমাগম হয়। অনুষ্ঠানে প্রায় ৫১ হাজার মহিলা উপভোক্তার উপস্থিতির কথা জানানো হয়েছিল এবং তাঁদের যাতায়াতের জন্য প্রায় ১ হাজার বাসের ব্যবস্থা করা হয়েছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ১৭ সেপ্টেম্বরকে পশ্চিমবঙ্গে প্রতি বছর ‘অন্নপূর্ণা দিবস’ হিসেবে পালন করা হবে বলেও ঘোষণা করেছে রাজ্য সরকার।
