সংবাদ কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিনের আবেদন নিয়ে সিবিআইয়ের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি প্রশান্ত বি বরলের বেঞ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে এ বিষয়ে জবাব চেয়েছে। আগামী সপ্তাহে ফের মামলাটির শুনানি হওয়ার কথা।
এর আগে কলকাতা হাই কোর্ট সন্দীপ ঘোষের জামিনের আবেদন খারিজ করেছিল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ ছিল, সন্দীপের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। বিষয়টি সরাসরি সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত হওয়ায় অভিযোগের গুরুত্ব রয়েছে বলেও জানিয়েছিল আদালত।

হাই কোর্ট আরও জানিয়েছিল, সন্দীপ ঘোষ প্রভাবশালী হওয়ায় জামিন পেলে মামলার সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কা রয়েছে। সেই কারণেই তাঁর জামিনের আবেদন নাকচ করা হয়। হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে গত ১৮ অগস্ট সুপ্রিম কোর্টে আবেদন করেন সন্দীপ।
আরজি করে চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার পরই হাসপাতালের আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসে। তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, হাসপাতালের অ্যাকাউন্ট থেকে ঠিকাদারদের অ্যাকাউন্টে যাওয়া বিপুল পরিমাণ টাকা পরিকল্পিতভাবে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছিল।
তদন্তকারী সংস্থার অভিযোগ, ঠিকাদারদের সঙ্গে আলোচনা করে তাঁদের ঘনিষ্ঠ সহযোগীদের নামে চেক ইস্যু করা হত। সেই চেকের মাধ্যমে টাকা তুলে নেওয়া অথবা সহযোগী সংস্থার অ্যাকাউন্টে সরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। পরে সেই অর্থও তুলে নেওয়া হয়েছে বলে দাবি তদন্তকারীদের।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য, এই প্রক্রিয়ার মাধ্যমেই আর্থিক অনিয়মের প্রমাণ আড়াল করার চেষ্টা করা হয়েছিল। সেই দুর্নীতির মামলাতেই সন্দীপ ঘোষের যোগ রয়েছে বলে অভিযোগ। এবার তাঁর জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে সিবিআই কী বক্তব্য জানায়, সেদিকেই নজর।
