August 26, 2026
জেলা

ট্রেনে ফেলে যাওয়া ৬ লক্ষের গয়না উদ্ধার, যাত্রীর হাতে ফেরাল RPF

নিজস্ব সংবাদদাতা: ট্রেনে লক্ষাধিক টাকার সোনার গয়না ভর্তি ব্যাগ ফেলে নেমে গিয়েছিলেন এক মহিলা। কাটোয়া-ব্যান্ডেল লোকাল অগ্রদ্বীপ স্টেশন ছেড়ে যাওয়ার পর ব্যাগটির কথা মনে পড়ে পারভিনা খাতুনের। ব্যাগে ছিল প্রায় ৬ লক্ষ ১০ হাজার টাকার সোনার গয়না, গুরুত্বপূর্ণ নথিপত্র ও ব্যক্তিগত সামগ্রী। সঙ্গে সঙ্গে রেল মাদাদ পোর্টালে অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই দ্রুত অভিযান চালিয়ে ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করল নবদ্বীপ ধাম RPF।

মহিলার অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেয় পূর্ব রেল। অভিযোগটি নবদ্বীপ ধাম RPF পোস্টের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পি. কে. দাসের কাছে পৌঁছয়। এরপর ট্রেনের গতিবিধি অনুসরণ করে শুরু হয় ব্যাগ উদ্ধারের তৎপরতা।


ট্রেন নম্বর ৩৭৭৪৮ ডাউন দুপুর ২টো ৩৭ মিনিটে নবদ্বীপ ধাম স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতেই RPF আধিকারিকরা কামরায় উঠে তল্লাশি শুরু করেন। খোঁজাখুঁজির পর কামরার ভিতর থেকেই পরিত্যক্ত ব্যাগটি উদ্ধার হয়। ব্যাগের ভিতরে থাকা গয়না ও অন্যান্য সামগ্রীও অক্ষত ছিল।

বিকেল ৩টে ৫০ মিনিটে RPF পোস্টে মহিলার হাতে ব্যাগটি তুলে দেওয়া হয়। নিয়ম মেনে পরিচয় যাচাইয়ের পর তাঁর উপস্থিতিতেই ব্যাগটি খোলা হয়। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হয়। ব্যাগ থেকে দুই জোড়া সোনার কানের দুল, দুটি সোনার আংটি, তিনটি নাকের নথ, একটি সোনার চেন এবং এক জোড়া সোনার চুড়ি উদ্ধার হয়। এছাড়াও ছিল ব্যাঙ্কের পাসবই, গ্যাস সংযোগের নথিপত্র এবং নগদ টাকা।


উদ্ধার হওয়া সোনার গয়নার মোট মূল্য প্রায় ৬ লক্ষ ১০ হাজার টাকা বলে জানা গিয়েছে। সময়মতো অভিযোগ দায়ের করায় এবং RPF-এর দ্রুত পদক্ষেপে মূল্যবান সামগ্রী ফিরে পেয়ে স্বস্তি পান পারভিনা খাতুন।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি RPF-এর এই উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁর বক্তব্য, ‘অপারেশন আমানত’-এর মতো উদ্যোগের মাধ্যমে যাত্রীদের সম্পত্তি সুরক্ষিত রাখা এবং দ্রুত পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি পালন করে চলেছে পূর্ব রেল।

Related posts

Leave a Comment