নিরাপত্তা নিয়ে থানায় অভিযোগ
সৌরভ গঙ্গোপাধ্যায়, তাঁর পরিবার এবং তাঁর সঙ্গে কাজ করা কর্মীদের উদ্দেশে একের পর এক হুমকির চিঠি আসার অভিযোগ উঠল। বিষয়টি জানিয়ে কলকাতার টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব তানিয়া ভট্টাচার্য। ১০ অগস্টের তারিখে লেখা ওই চিঠিতে হুমকির বিষয়টি উল্লেখ করে দ্রুত পুলিশি হস্তক্ষেপ এবং তদন্তের আবেদন জানানো হয়েছে।
পুলিশকে দেওয়া অভিযোগপত্রে তানিয়া জানিয়েছেন, গত কয়েক মাস ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য-সহ একাধিক চিঠি আসছিল। প্রথম দিকে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। অভিযোগকারীর ধারণা ছিল, সৌরভের প্রতি ব্যক্তিগত অসন্তোষ থেকেই কেউ এই ধরনের চিঠি পাঠাচ্ছেন।
তবে অভিযোগ অনুযায়ী, পরিস্থিতি সম্প্রতি আরও গুরুতর হয়ে ওঠে। সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে আসা দু’টি চিঠিতে শুধু আপত্তিকর মন্তব্যই নয়, তাঁদের জীবন ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাঁদের সঙ্গে কাজ করা কর্মীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
অভিযোগপত্রে আরও জানানো হয়েছে, বিষয়টি ইতিমধ্যেই রাজ্যের নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের আধিকারিকদের নজরে আনা হয়েছে। চিঠির প্রেরককে শনাক্ত করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তির নাম এবং মোবাইল নম্বর সম্পর্কে পুলিশকে তথ্য দেওয়া হয়েছে। চিঠিগুলি একটি কুরিয়ারের মাধ্যমে বেলেঘাটা-বেলগাছিয়া এলাকা থেকে পাঠানো হয়েছিল বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
তানিয়া ভট্টাচার্য পুলিশের কাছে আবেদন করেছেন, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে অভিযোগটি নথিভুক্ত করে তদন্ত করা হোক। হুমকির চিঠিগুলির উৎস এবং প্রেরককে চিহ্নিত করে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁদের সঙ্গে কাজ করা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করারও আবেদন জানানো হয়েছে।
অভিযোগের সঙ্গে সম্প্রতি পাওয়া হুমকির চিঠিগুলিও পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। এখন সেই চিঠিগুলির ভিত্তিতে তদন্ত শুরু করে প্রেরকের পরিচয়, হুমকির উদ্দেশ্য এবং এর পিছনে অন্য কোনও ব্যক্তি বা গোষ্ঠীর ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
