অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় নতুন মামলায় গ্রেফতারির আশঙ্কায় ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। শুক্রবার তাঁর আইনজীবী বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানালেও আদালত সেই আর্জি খারিজ করে জানিয়ে দেয়, নির্ধারিত তালিকা অনুযায়ীই মামলার শুনানি হবে।
শুনানির সময় সুমিত রায়ের আইনজীবী আদালতকে জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে আরও চারটি নতুন এফআইআর দায়ের হয়েছে। এর আগে দুটি মামলায় তিনি আগাম জামিন পেয়েছিলেন। তবে নতুন মামলাগুলিতে গ্রেফতারের আশঙ্কা থাকায় আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার জমি দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় সুমিত রায়কে অন্তর্বর্তী সুরক্ষা দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চ নির্দেশ দেয়, মামলার পরবর্তী শুনানি পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না। আগামী ১৪ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে। একই সঙ্গে তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।
র আগে জমি দুর্নীতি মামলায় আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টে গিয়েছিলেন সুমিত রায়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই আবেদন খারিজ করে দেন। তবে চাকরি দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় শর্তসাপেক্ষে তাঁকে আগাম জামিন দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তকারী সংস্থার ডাকে নির্দিষ্ট সময়ের মধ্যে হাজিরা দিতে হবে তাঁকে।
এদিকে একাধিক মামলায় অভিযুক্ত হওয়ার পরও দীর্ঘদিন ধরে সুমিত রায়ের খোঁজ না পাওয়ায় পুলিশ আদালতের দ্বারস্থ হয়। পরে মেদিনীপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপরই আইনি সুরক্ষার জন্য প্রথমে হাই কোর্ট এবং পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।
