কলকাতা— তোলাবাজি এবং দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ফের কড়া বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সতর্কবার্তার পর এ বার দলের একাংশকে প্রকাশ্যেই সতর্ক করে তিনি বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাইরে কেউ নন। তোলাবাজি বা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট জানান তিনি।
দিলীপ ঘোষের দাবি, তৃণমূলের আমলে যাঁরা দুর্নীতি ও তোলাবাজির সঙ্গে যুক্ত ছিলেন, ক্ষমতার পরিবর্তনের পরে তাঁদের অনেকেই বিজেপির নেতাদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন। তাঁর মতে, তোলাবাজির সংস্কৃতি রাতারাতি শেষ হয়ে যাবে, এমনটা ভাবার কোনও কারণ নেই। বরং সেই চক্র এখনও সক্রিয় রয়েছে এবং তারা নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

মন্ত্রী আরও বলেন, দলের কিছু নেতা এই প্রভাব থেকে নিজেদের দূরে রাখতে পারছেন না। তাঁর অভিযোগ, নতুন ক্ষমতার স্বাদ পেয়ে কয়েক জন নেতা ভুল পথে হাঁটছেন। যদিও কারও নাম উল্লেখ করেননি তিনি, তবু তাঁর বক্তব্যে দলের কয়েক জন নতুন বিধায়কের প্রতি অসন্তোষ স্পষ্ট হয়ে ওঠে।
দিলীপ ঘোষের কথায়, কিছু নতুন বিধায়ক ক্ষমতায় এসে নিজেদের অবস্থান ভুলভাবে ব্যবহার করছেন। তাঁদের চারপাশে তোলাবাজদের আনাগোনা বাড়ছে এবং তার প্রভাব তাঁদের আচরণেও পড়ছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নেতাদের সতর্ক করে তিনি বলেন, দল সবকিছুর উপর নজর রাখছে এবং আগামী ছ’মাসের মধ্যে প্রত্যেকের কাজের মূল্যায়ন করা হবে।
একইসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে। তাই সেই বিশ্বাস অক্ষুণ্ণ রাখা দলের প্রত্যেক নেতা-কর্মীর দায়িত্ব। তাঁর পরামর্শ, তোলাবাজদের থেকে দূরে থেকে অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়াই দলের প্রত্যেক সদস্যের কর্তব্য।

উল্লেখ্য, এর আগেই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তোলাবাজির অভিযোগ নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন। তিনি বলেন, প্রশাসনিক স্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর ব্যবস্থা নিচ্ছেন এবং দলীয় স্তরেও প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। যদিও তিনি স্বীকার করেন, কয়েকটি জায়গায় বিচ্যুতি রয়েছে। তবে সেই পরিস্থিতি দীর্ঘদিন বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন। তিনি জানান, আরও ১৫ দিন সময় দেওয়া হচ্ছে। তারপর দল প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। পাশাপাশি ‘ডিম থেরাপি’-র প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করেন, যে কোনও পদক্ষেপ উল্টে নিজেদের দিকেও ফিরে আসতে পারে, তাই সকলকে সতর্ক থাকতে হবে।
