প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিক্ষোভে অংশ নেওয়া সেই তরুণ-তরুণীদের ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন, যাদের বিরুদ্ধে তাঁকে এবং তাঁর প্রয়াত মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে।
এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এমন ভাষা কোনও সভ্য সমাজের সঙ্গে মানানসই নয়। তবে আদালতের মামলা, সামাজিকভাবে অপমান বা কঠোর শাস্তি সমস্যার সমাধান নয়। বরং তাঁদের ক্ষমা করে সঠিক পথে ফেরানোর দায়িত্ব সমাজেরই।
তিনি বলেন, “এই সন্তানরা আমাদেরই। ভুল করলে তাদের পথ দেখানো আমাদের কর্তব্য।”
প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে সমর্থন করেছে বিজেপি-সহ এনডিএর একাধিক নেতা। বিহার বিজেপি সভাপতি সঞ্জয় সারাওগি বলেন, প্রধানমন্ত্রী বড় মনের পরিচয় দিয়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে কংগ্রেস।
উত্তরপ্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভরও বলেন, শাস্তি নয়, কাউন্সেলিংয়ের মাধ্যমে তরুণদের মূল স্রোতে ফিরিয়ে আনা উচিত।
অন্যদিকে, আরএলডি নেতা মালুক নাগর এবং এনসিপি নেতা প্রফুল প্যাটেলও প্রধানমন্ত্রীর ক্ষমার আহ্বানকে ইতিবাচক বার্তা বলে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে হওয়া বিক্ষোভে প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে এক তরুণীর বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের করেছে নয়ডা পুলিশ। সেই ঘটনার পরই এই বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
previous post
