July 24, 2026
রাজ্য

মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য, কেওড়াতলায় আবক্ষ মূর্তি উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী

সংবাদ কলকাতা — বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের প্রয়াণের ৪৭ বছর পরেও তাঁর জনপ্রিয়তা এবং প্রভাব অটুট। শুক্রবার মহানায়কের ৪৭তম প্রয়াণ দিবস উপলক্ষে কেওড়াতলা মহাশ্মশানে বিশেষ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকার। নির্ধারিত সময়েই সেখানে পৌঁছে মহানায়কের স্মৃতির উদ্দেশে আবক্ষ মূর্তি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে তিনি উত্তম কুমারের মূর্তিতে মাল্যদান করেন এবং তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা রুদ্রনীল ঘোষ, মহানায়কের নাতনি নবনীতা চট্টোপাধ্যায়-সহ চলচ্চিত্র, সংস্কৃতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে মহানায়কের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী জানান, শুধু প্রয়াণ দিবস নয়, আগামী ৩ সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের জন্মদিনও বিশেষভাবে উদযাপন করবে রাজ্য সরকার। ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর জন্মশতবর্ষ উদযাপনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই উপলক্ষে রবীন্দ্রসদনে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হবে, যারা বিভিন্ন অনুষ্ঠান ও উদ্যোগের পরিকল্পনা করবে।

মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, মহানায়কের স্মৃতিকে সম্মান জানাতে তাঁর নামে কলকাতায় একটি আধুনিক ফিল্ম সেন্টার গড়ে তোলা হবে। পাশাপাশি কলকাতা পুরসভা পরিচালিত উত্তম মঞ্চের আধুনিকীকরণের কাজও করা হবে। তিনি বলেন, বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের অবদান আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে সরকার একাধিক সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণ করবে।

Related posts

Leave a Comment