July 24, 2026
রাজ্য

ঘুষের অভিযোগে দুই এমভিআই সাসপেন্ড, দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

পশ্চিম বর্ধমান — বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এক ট্রাকচালকের কাছে ঘুষ দাবি এবং গাড়ি আটকে হেনস্থা করার অভিযোগে পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে কর্মরত দুই মোটর ভেহিকল ইনস্পেক্টরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে রাজ্যের দুর্নীতি দমন শাখাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার এই তথ্য জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘শূন্য সহনশীলতা’|

মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে জানান, প্রশাসনের কোনও স্তরেই তোলাবাজি বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। তাঁর বক্তব্য, কেউ আইনের ঊর্ধ্বে নন। স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, পণ্যবাহী ট্রাকচালক দীপক সিংহের কাছ থেকে ২২ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন অভিযুক্ত দুই মোটর ভেহিকল ইনস্পেক্টর নাজিমুল হক এবং অনুপম বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, ঘুষ না দেওয়ায় ট্রাকটি বেআইনি ভাবে আটকে রাখা হয়।


অভিযোগ পাওয়ার পরই ‘পশ্চিমবঙ্গ সার্ভিসেস (শ্রেণিবিন্যাস, নিয়ন্ত্রণ ও আপিল) বিধি, ১৯৭১’-এর অধীনে দুই আধিকারিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি গোটা ঘটনার ফৌজদারি তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের জন্য রাজ্যের দুর্নীতি দমন শাখার কাছে বিষয়টি পাঠানো হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও জানান, বেআইনি ভাবে আটক রাখা যানবাহন দ্রুত ছেড়ে দেওয়া এবং পরিবহণ ব্যবসায়ীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, কোনও সরকারি আধিকারিক দুর্নীতি, হয়রানি বা অবৈধ আর্থিক সুবিধা নেওয়ার সঙ্গে যুক্ত বলে প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজ্য সরকার স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে বদ্ধপরিকর বলেও মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেছেন।

Related posts

Leave a Comment