July 23, 2026
কলকাতা

ব্যাঙ্কক থেকে কলকাতা বিমানবন্দরে জীবন্ত বিদেশি কচ্ছপ উদ্ধার, আটক এক যাত্রী

সংবাদ কলকাতা— ব্যাঙ্কক থেকে কলকাতায় আসা এক যাত্রীর কাছ থেকে একাধিক জীবন্ত বিদেশি কচ্ছপ উদ্ধার করল কলকাতা বিমানবন্দরের শুল্ক দপ্তর। বুধবার সকালে তল্লাশি চালিয়ে রেড ইয়ার্ড স্লাইডার প্রজাতির কচ্ছপগুলি বাজেয়াপ্ত করা হয়। বৈধ অনুমতি ছাড়া এই প্রজাতির কচ্ছপ ভারতে আনা নিষিদ্ধ।

শুল্ক দপ্তর সূত্রে জানা গিয়েছে, এয়ার ইন্টেলিজেন্স ইউনিট এবং এরিয়া কন্ট্রোল সেন্টারের যৌথ নজরদারিতে সন্দেহভাজন যাত্রীকে চিহ্নিত করা হয়। পরে তাঁর লাগেজে তল্লাশি চালিয়ে জীবন্ত কচ্ছপগুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।

এই ঘটনায় ১৯৬২ সালের শুল্ক আইন এবং ১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতায় ওই যাত্রীকে আটক করা হয়েছে। ঘটনার পর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে শুল্ক দপ্তর।

তদন্তকারীরা জানতে চাইছেন, কচ্ছপগুলি কোথা থেকে আনা হয়েছিল, কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এর পিছনে কোনও আন্তর্জাতিক বন্যপ্রাণ পাচারচক্র জড়িত রয়েছে কি না। শুল্ক দপ্তরের দাবি, বন্যপ্রাণ পাচারের বিরুদ্ধে তাদের ‘শূন্য সহনশীলতা’ নীতি রয়েছে এবং এই ধরনের অপরাধ রুখতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Related posts

Leave a Comment