সংবাদ কলকাতা— পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজির হন প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের বড় ছেলে স্বরূপ মিত্র। এর আগের দিন প্রায় ন’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁর ছোট ছেলে শুভরূপ মিত্রকে। তদন্তের অংশ হিসেবে মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্রকেও তলব করা হয়েছে। আগামী ২৯ জুলাই মদন মিত্রকে ইডি দপ্তরে হাজির হতে বলা হয়েছে।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, আর্থিক লেনদেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতেই পরিবারের সদস্যদের ডাকা হয়েছে। স্বরূপ মিত্রের কাছেও কয়েকটি ব্যাঙ্ক সংক্রান্ত নথি চাওয়া হয়েছিল। তিনি সব নথি জমা দিয়েছেন কি না, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। ইডি দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি শুধু জানান, পরের দিন তাঁর মা অর্চনা মিত্র তদন্তকারী সংস্থার সামনে হাজির হবেন।ইডির তদন্তে অভি
যোগ, টিটাগড় পুরসভায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। অভিযোগ, মোটা টাকার বিনিময়ে প্রায় ১২৫ জনকে চাকরি দেওয়া হয়েছিল। সেই অভিযোগের সূত্র ধরেই তদন্তের পরিধি আরও বিস্তৃত করা হয়েছে।
এর আগে এই মামলার তদন্তে মদন মিত্রের বাড়ি, অফিস-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল তদন্তকারী সংস্থা। মদন মিত্রকেও দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আর্থিক লেনদেনের বিভিন্ন দিক খতিয়ে দেখছে ইডি।
