সংবাদ কলকাতা: উত্তর ২৪ পরগনার দমদমে গুলিবিদ্ধ হয়ে খুন হল কুখ্যাত দুষ্কৃতি রাজা দত্ত। সোমবার ভোর রাতে উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে খলিসাকোটা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই পাঁচ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দমদম থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর রাতে রাজা দত্ত তাঁর দুই সঙ্গীকে নিয়ে মোটরবাইকে করে খলিসাকোটা এলাকায় আসে। সেখানে আগে থেকেই উপস্থিত কয়েক জনের সঙ্গে তাঁর বচসা ও সংঘর্ষ বাধে। অভিযোগ, সেই সময় রাজা দত্তের কাছে থাকা আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় দুষ্কৃতীদের অপর একটি দল। এরপর সেই অস্ত্র দিয়েই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
গুলিবিদ্ধ অবস্থায় রক্তাক্ত রাজা দত্তকে দ্রুত আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। কী কারণে এই হামলা, এর পিছনে পুরনো শত্রুতা নাকি দুষ্কৃতীদের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনাও সংগ্রহ করেছে পুলিশ।
এই ঘটনায় সন্দেহভাজন পাঁচ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
