31.3 C
Kolkata
July 10, 2026
রাজ্য

রেলযাত্রায় কড়া নিয়ম, স্ক্রিনশট বা হোয়াটসঅ্যাপের টিকিট আর বৈধ নয়

কলকাতা— রেলযাত্রায় অসংরক্ষিত টিকিট ব্যবহার নিয়ে নতুন করে কড়াকড়ি চালু করল ভারতীয় রেল। এবার থেকে রেলওয়ান অ্যাপের মাধ্যমে কাটা অসংরক্ষিত টিকিট শুধুমাত্র ওই অ্যাপ থেকেই দেখাতে হবে। স্ক্রিনশট, ছবি, পিডিএফ বা হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করা টিকিট আর বৈধ বলে গণ্য হবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেলের নির্দেশিকা অনুযায়ী, যে মোবাইল ফোন থেকে টিকিট কাটা হয়েছে, যাত্রার সময় সেই মোবাইলেই টিকিট প্রদর্শন করতে হবে। অন্য কোনও মোবাইলে পাঠানো কপি বা সংরক্ষিত ছবি গ্রহণযোগ্য হবে না। নিয়ম ভাঙলে যাত্রীকে জরিমানা গুনতে হতে পারে। প্রয়োজনে রেল আইন অনুযায়ী অন্য শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে।

দক্ষিণপূর্ব রেল তাদের সরকারি এক্স হ্যান্ডলে এই বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, ‘হোয়াটসঅ্যাপে পাওয়া টিকিট দেখালেই চলবে না, রেলের নিয়মও জানতে হবে। রেলওয়ান অ্যাপের মাধ্যমে বুক করা অসংরক্ষিত টিকিট শুধুমাত্র সেই মোবাইল ফোনেই বৈধ, যেখান থেকে টিকিট ইস্যু করা হয়েছে।’

রেল আরও জানিয়েছে, যাত্রার সময় টিকিট দেখানোর পাশাপাশি একটি ছবিযুক্ত পরিচয়পত্রও সঙ্গে রাখা বাধ্যতামূলক। টিকিট যাচাইয়ের সময় পরিচয়পত্র চাওয়া হলে তা দেখাতে হবে। স্ক্রিনশট, পিডিএফ বা অন্য কোনও মাধ্যমে সংরক্ষিত টিকিটকে বৈধ যাত্রাপত্র হিসেবে ধরা হবে না।

যাত্রীদের সচেতন করতে দক্ষিণপূর্ব রেলের পক্ষ থেকে একটি ভিডিও-ও প্রকাশ করা হয়েছে। সেখানে নতুন নিয়মগুলি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। রেল কর্তৃপক্ষের বক্তব্য, ডিজিটাল টিকিটের অপব্যবহার রুখতে এবং টিকিট যাচাই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment