31.3 C
Kolkata
July 10, 2026
খেলা

‘ট্রফি না জিতলে সেরা নয়’, বার্তা এমবাপের

প্যারিস— মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বার ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। তবে এই সাফল্যের পরও আত্মতুষ্ট নন অধিনায়ক কিলিয়ান এমবাপে। তাঁর স্পষ্ট বক্তব্য, বর্তমান ফরাসি দল প্রতিভায় ভরপুর হলেও ট্রফি না জিতলে তাদের দেশের সর্বকালের সেরা দল বলা যাবে না।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ম্যাচের রং বদলে দেয় ফ্রান্স। ৬০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপে। এরপর উসমান দেম্বেলে ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্সের সেমিফাইনাল নিশ্চিত করেন। শেষ চারে স্পেন বা বেলজিয়ামের মুখোমুখি হবে লে ব্লু।

ম্যাচের পর ফরাসি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপে বলেন, ‘এই দলটাকে এখনই ফ্রান্সের সবচেয়ে শক্তিশালী দল বলব না। আমি বিশ্বকাপ জিতেছি, আবার রানার্সও হয়েছি। এই দল এখনও সেই সাফল্য পায়নি। তবে নিঃসন্দেহে এটাই সবচেয়ে বেশি সম্ভাবনাময় দল। এই দলকে ঘিরে ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন দেখা যায়। কিন্তু ট্রফি না জিতলে কোনও দলকে সেরা বলা যায় না।’২০১৮

সালে বিশ্বকাপজয়ী এবং ২০২২ সালে রানার্স ফ্রান্সের সদস্য ছিলেন এমবাপে। এবার টানা তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনালে উঠে তিনি বলেন, ‘এটা আমাদের জন্য বড় মুহূর্ত। অভিজ্ঞ ফুটবলারদের কাছে এটি টানা তৃতীয় সেমিফাইনাল। তবে এখানেই থেমে গেলে চলবে না।’

সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে স্পেন বা বেলজিয়াম— কাউকেই আলাদা করে বেছে নিতে চান না ফরাসি অধিনায়ক। তাঁর কথায়, ‘এই মুহূর্তে আমার লক্ষ্য দ্রুত সুস্থ হয়ে ওঠা। কাল ম্যাচ দেখব। যে-ই আসুক, কঠিন লড়াই অপেক্ষা করছে।’

প্রথমার্ধে পেনাল্টি মিস করার প্রসঙ্গও উঠে আসে এমবাপের কথায়। তিনি স্বীকার করেন, দীর্ঘ সময় ধরে ভিডিও সহকারী রেফারির পর্যালোচনার কারণে তাঁর মনঃসংযোগ নষ্ট হয়েছিল। ‘আমি পরিস্থিতিটা ঠিকভাবে সামলাতে পারিনি। অনেক ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু এমনটা কল্পনাও করিনি। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির সঙ্গে আরও ভালোভাবে মানিয়ে নিতে হবে,’ বলেন তিনি।

তবে পেনাল্টি মিসের হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয়ার্ধে গোল করে একাধিক নজির গড়েছেন এমবাপে। বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে ২০টি ম্যাচ খেলার পাশাপাশি দ্রুততম ফুটবলার হিসেবে ২০টি বিশ্বকাপ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ২০১৮, ২০২২ ও ২০২৬— এই তিন বিশ্বকাপে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০। বিশ্বকাপে সর্বাধিক ২১ গোলের রেকর্ডধারী লিওনেল মেসির থেকে তিনি এখন মাত্র এক গোল পিছিয়ে।

এ ছাড়া চলতি বিশ্বকাপে আট গোল করে গোল্ডেন বুটের লড়াইয়েও মেসির সমকক্ষ হয়েছেন এমবাপে। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে জয়সূচক গোল করার নিরিখেও নতুন রেকর্ড গড়েছেন তিনি। পাশাপাশি ফ্রান্সের জার্সিতে ৬৪ গোল ও ৩৬টি অ্যাসিস্ট মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে ১০০টি গোলে সরাসরি অবদান রাখা প্রথম ফুটবলারও হয়েছেন তিনি।

Related posts

Leave a Comment