31.3 C
Kolkata
July 10, 2026
রাজ্য

বিষ্ণুপুর পুরসভায় আর্থিক অনিয়মের অভিযোগ, সদ্যপ্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ

বিষ্ণুপুর— বিষ্ণুপুর পুরসভায় সরকারি অর্থের অপব্যবহার, আর্থিক অনিয়ম এবং স্বজনপোষণের অভিযোগে সদ্যপ্রাক্তন পুরপ্রধান গৌতম গোস্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মহকুমাশাসক প্রসেনজিৎ ঘোষ। অভিযোগ প্রকাশ্যে আসতেই বাঁকুড়ার বিষ্ণুপুরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, অভিযোগ দায়েরের পর থেকে গৌতম গোস্বামীর খোঁজ পাওয়া যাচ্ছে না।

রাজ্যে সরকার পরিবর্তনের পর বিষ্ণুপুর পুরসভার আর্থিক লেনদেন নিয়ে সরব হন এলাকার বিজেপি বিধায়ক শুক্লা চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগের ভিত্তিতেই রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

গত মে মাসের শেষে তদন্তকারী দল বিষ্ণুপুর পুরসভায় গিয়ে টানা দু’দিন ধরে আয়-ব্যয়ের নথি, টোল আদায়ের হিসাব এবং প্রশাসনিক বিভিন্ন সিদ্ধান্ত খতিয়ে দেখে। তদন্ত কমিটির জমা দেওয়া রিপোর্টে একাধিক গুরুতর অনিয়মের উল্লেখ করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, পুরসভার টোল আদায়ে বড়সড় আর্থিক অনিয়মের প্রমাণ মিলেছে। এছাড়া পুরবোর্ডের অনুমোদন ছাড়াই অবসরপ্রাপ্ত কর্মীদের অস্থায়ী ভিত্তিতে কাজে বহাল রাখার অভিযোগও উঠে এসেছে। তদন্তে আরও দাবি করা হয়েছে, পুর এলাকার একাধিক বহুতল নির্মাণের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন হয়েছে। পাশাপাশি পরিচিত ও ঘনিষ্ঠ ব্যক্তিদের সম্পত্তি কর মুকুব করার অভিযোগও রয়েছে।

এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই মহকুমাশাসক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রশাসনের দাবি, সরকারি অর্থের অপব্যবহার এবং পুরসভার আর্থিক ক্ষতির বিষয়টি গুরুত্ব দিয়েই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সদ্যপ্রাক্তন পুরপ্রধান গৌতম গোস্বামীর তরফে এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্ত এগোলে আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলে প্রশাসনিক সূত্রের দাবি।

Related posts

Leave a Comment