বারাসত: বিকল্প রাস্তার দাবিতে এবং পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে বুধবার বারাসতের (Barasat) একাধিক রুটে টোটো পরিষেবা বন্ধ রাখলেন টোটো চালকরা (Toto Drivers)। দাবি আদায়ের লক্ষ্যে বারাসত-টাকি রোডের শতদল ময়দানে (Shatadal Maidan) বিক্ষোভে সামিল হন তাঁরা। তবে বিক্ষোভের মধ্যেই টোটোচালকদের একাংশের বিরুদ্ধে ভ্যানচালক (Van Driver) ও যাত্রীদের হেনস্থার অভিযোগ উঠেছে।
অভিযোগ, নবপল্লী এলাকায় যাত্রী নিয়ে চলা একটি ভ্যানের চাকার হাওয়া খুলে দেওয়া হয়। পূর্ণিমা ঘোষ (Purnima Ghosh) নামে এক যাত্রী দাবি করেন, তাঁরা যাতে ভ্যানে করে গন্তব্যে পৌঁছতে না পারেন, সেই উদ্দেশ্যেই এমন কাজ করা হয়েছে। এই ঘটনায় ক্ষোভ ছড়ায় সাধারণ মানুষের মধ্যে।
প্রসঙ্গত, বারাসতের জাতীয় সড়কে টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু টোটোচালকদের জন্য এখনও কোনও বিকল্প রাস্তা নির্ধারণ করা হয়নি বলে অভিযোগ। চালকদের দাবি, রাস্তায় নামলেই পুলিশ টোটো আটক করছে। এর ফলে বহু পরিবারের রুজি-রোজগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
টোটোচালকদের দাবি, জাতীয় বা রাজ্য সড়কে টোটো চলাচল বন্ধ রাখতে হলে প্রশাসনের উচিত নিয়ম মেনে বিকল্প পথ নির্ধারণ করে দেওয়া। তা না করে শুধুমাত্র ধরপাকড় চালানো হলে সমস্যার সমাধান হবে না। এই দাবিতেই তাঁরা এদিন পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন।
তবে টোটো চলাচল বন্ধ থাকায় দিনভর সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা। অনেককে বিকল্প যানবাহনের খোঁজ করতে হয়। বিক্ষোভকারীদের আশা, প্রশাসন দ্রুত আলোচনায় বসে সমস্যার স্থায়ী সমাধান করবে।
