29.4 C
Kolkata
July 8, 2026
রাজ্য

প্রায় এক বছর পর দেশে ফিরলেন বীরভূমের পাঁচ পরিযায়ী শ্রমিক, পরিবারের মুখে স্বস্তির হাসি

প্রায় এক বছর পর অবশেষে দেশে ফিরলেন বীরভূম জেলার পাইকর গ্রামের পাঁচ পরিযায়ী শ্রমিক। তাঁদের মধ্যে রয়েছেন সুইটি বিবি এবং তাঁর দুই নাবালক সন্তান। একই সঙ্গে দেশে ফিরেছেন সোনালি বিবির স্বামী দানেশ শেখ। দীর্ঘ আইনি লড়াইয়ের পর তাঁদের দেশে ফেরায় পরিবারে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

পরিবারের দাবি, দিল্লিতে কাজ করার সময় সুইটি বিবি ও সোনালি বিবিকে অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে আটক করা হয়েছিল। পরে তাঁদের আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। যদিও পরিবারের দাবি, তাঁরা সকলেই ভারতের নাগরিক।

বাংলাদেশে কিছু সময় আটক থাকার পর বিষয়টি আদালতে ওঠে। প্রথমে কলকাতা হাই কোর্ট এবং পরে দেশের সর্বোচ্চ আদালতে আইনি প্রক্রিয়া শুরু হয়। সেই আইনি লড়াইয়ের জেরে গত বছরের ডিসেম্বর মাসে সোনালি বিবি দেশে ফিরতে সক্ষম হন। এবার সুইটি বিবি, তাঁর দুই সন্তান, দানেশ শেখ-সহ আরও কয়েকজন মহদিপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন।

পরিবারের সদস্যদের বক্তব্য, দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে তাঁদের ফিরে পাওয়া গেল। এদিন দেশে ফেরার পর আত্মীয়-পরিজনদের মধ্যে স্বস্তি ও আবেগের পরিবেশ তৈরি হয়।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সমীরুল ইসলাম সমাজমাধ্যমে এই ঘটনাকে ‘সত্য ও ন্যায়ের জয়’ বলে উল্লেখ করেন। তিনি জানান, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ কার্যকর হওয়ার পরই দেশে ফেরা সম্ভব হয়েছে।

Related posts

Leave a Comment