বারুইপুর — বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি যখন তীব্র উত্তপ্ত, তখন বিরোধীদের আন্দোলনকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস, তৃণমূল এবং বামপন্থীরা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। অথচ বিজেপি সরকার শুরু থেকেই দ্রুত পদক্ষেপ করে অভিযুক্তদের আইনের আওতায় এনেছে।
মঙ্গলবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, ‘আন্দোলনের নামে কিছু মানুষ শুধু নাটক করছে। মানুষের স্বার্থে কীভাবে কাজ করতে হয়, বিজেপি তা জানে। কাকে কীভাবে সোজা করতে হয়, সেটাও বিজেপি জানে।’
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারের পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্তে ইতিমধ্যেই তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি আরও কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়েছে। ঘটনার পর নির্যাতিতার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে তিনি বারুইপুরে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এই প্রেক্ষাপটে দিলীপ ঘোষ বলেন, ‘পূর্বতন তৃণমূল সরকারের আমলে প্রায় প্রতিদিনই নারী নির্যাতনের ঘটনা ঘটত। তখন সরকার কার্যকর কোনও পদক্ষেপ নিত না। কিন্তু বারুইপুরের ঘটনায় বর্তমান সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত-সহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তও দ্রুত এগোচ্ছে।’
বিরোধীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। কিন্তু কিছু রাজনৈতিক দল এই ধরনের সংবেদনশীল ঘটনাকেও রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করতে চাইছে। মানুষ সব দেখছেন এবং সব বুঝছেন।’
নারী নিরাপত্তার প্রশ্নে সরকার কোনও আপস করবে না বলেও জানান দিলীপ। তাঁর দাবি, অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
