30 C
Kolkata
July 4, 2026
দেশ

এসআইআর প্রক্রিয়ায় ১০০ শতাংশ ডিজিটাইজেশন

১৬ রাজ্য ও ২ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে প্রথম মিজোরাম

বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (Special Intensive Revision বা SIR)-এর গণনা প্রক্রিয়ায় ১০০ শতাংশ ডিজিটাইজেশন সম্পূর্ণ করে দেশের ১৬টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে প্রথম স্থান অধিকার করল মিজোরাম। শনিবার এই তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) গরিমা গুপ্ত।

এদিন রাজ্যের ১১টি জেলার জন্য SIR-2026-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। খসড়া তালিকা প্রকাশের পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

১ জুলাই ২০২৬-কে যোগ্যতার নির্ধারিত তারিখ ধরে প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী, মিজোরামে মোট ৮,২৮,৯০৬ জন নিবন্ধিত ভোটার রয়েছেন। এর মধ্যে ৪,২৯,৮৮১ জন মহিলা এবং ৩,৯৯,০২৫ জন পুরুষ ভোটার।

গরিমা গুপ্ত জানান, রাজনৈতিক দল, নির্বাচন দফতরের আধিকারিক, বুথ লেভেল অফিসার (BLO) এবং বুথ লেভেল এজেন্টদের (BLA) সম্মিলিত প্রচেষ্টাতেই এই সাফল্য এসেছে। তিনি বলেন, বর্তমানে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে এমন ১৬টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে মিজোরামই প্রথম ১০০ শতাংশ ডিজিটাইজেশন সম্পন্ন করেছে।

তিনি আরও জানান, ৪ জুলাই থেকে ৪ অগস্ট ২০২৬ পর্যন্ত দাবি ও আপত্তি জানানোর সুযোগ থাকবে। এই সময়ে নতুন ভোটার অন্তর্ভুক্তি, তথ্য সংশোধন, নাম স্থানান্তর বা অযোগ্য ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন করা যাবে।

মুখ্য নির্বাচনী আধিকারিক সকল নাগরিককে খসড়া ভোটার তালিকায় নিজেদের তথ্য যাচাই করার আহ্বান জানিয়ে বলেন, যাতে কোনও যোগ্য ভোটার বাদ না পড়েন এবং অযোগ্য নামগুলি তালিকা থেকে সরিয়ে দেওয়া যায়।

বৈঠকে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার প্রশংসা করেন। তাঁদের বক্তব্য, বুথ লেভেল অফিসার ও বুথ লেভেল এজেন্টদের নিষ্ঠার সঙ্গে কাজ করার ফলেই গণনা পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।

এদিন স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের হাতে খসড়া ভোটার তালিকার সফট কপিও তুলে দেওয়া হয়।

এর আগে ভারতের নির্বাচন কমিশনের সচিব বিনোদ কুমার আইজলের জেলা নির্বাচন আধিকারিক, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার, সহকারী রেজিস্ট্রেশন অফিসার, সুপারভাইজার ও বুথ লেভেল অফিসারদের সঙ্গে বৈঠক করে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি পর্যালোচনা করেন। তিনি বলেন, এই প্রক্রিয়ার জাতীয় গুরুত্ব রয়েছে এবং সমস্ত আধিকারিককে স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

Related posts

Leave a Comment