July 2, 2026
Featured

ডুম্বুরকে আন্তর্জাতিক আমচাষ কেন্দ্র গড়তে বড় পরিকল্পনা

৫৫ হেক্টর জমিতে নতুন আমবাগান

আগরতলা: ত্রিপুরায় আমচাষে নতুন জোয়ার আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ঢালাই জেলার গান্দাতুইসা ও ডুম্বুর অঞ্চলকে আন্তর্জাতিক মানের আমচাষ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আরও ৫৫ হেক্টর জমিতে নতুন আমবাগান তৈরি করা হবে বলে ঘোষণা করেছেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ (Ratan Lal Nath)।

বর্ষা আম উৎসব ২০২৬ (Monsoon Mango Festival 2026) উদ্বোধন করে তিনি বলেন, ডুম্বুরের আমের স্বাদ ও গুণগত মান অত্যন্ত উচ্চমানের। রাজ্য সরকার এই উৎসবকে আরও বড় আকারে আয়োজন করে গান্দাতুইসা (Gandatwisa) ও ডুম্বুর (Dumboor)-কে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পরিচিত করে তুলতে চায়।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে ত্রিপুরায় প্রায় ৫৮ হাজার হেক্টর জমিতে ফলচাষ হয়, যার মধ্যে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আমচাষ হচ্ছে। রাজ্যে গড়ে প্রতি হেক্টরে ৫ মেট্রিক টন আম উৎপাদিত হলেও গান্দাতুইসায় সেই উৎপাদন প্রায় ৯ মেট্রিক টন পর্যন্ত পৌঁছেছে।

আমচাষিদের সহায়তায় পুরনো আমবাগান পুনরুজ্জীবনের জন্য আর্থিক সাহায্য দেওয়া হবে। পাশাপাশি আম সংরক্ষণের জন্য ৫টি নতুন শীতলীকরণ কেন্দ্র তৈরি করা হবে। গভীর সেচ ব্যবস্থাও সম্প্রসারণ করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।

তিনি আরও বলেন, এই অঞ্চলের ২৫৯ জন কৃষক আমচাষকে জনপ্রিয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। কৃষকদের আমের পাশাপাশি আনারস, আদা, বার্ডস আই লঙ্কা ও কলার মতো উচ্চমূল্যের ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে।

রাজ্য সরকারের দাবি, এই উদ্যোগের মূল লক্ষ্য হল কৃষকদের আয় বৃদ্ধি, নতুন কর্মসংস্থান তৈরি এবং ত্রিপুরাকে কৃষি ও পর্যটনে আরও স্বনির্ভর করে তোলা।

Related posts

Leave a Comment