কাঠমান্ডু— ক্রীড়াকে কূটনৈতিক সম্পর্কের সেতুবন্ধন হিসেবে আরও শক্তিশালী করতে নেপালে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হল ‘ইন্ডিয়ান অ্যাম্বাসাডরস ক্রিকেট টুর্নামেন্ট’। ২৬ থেকে ২৮ জুন পর্যন্ত কাঠমান্ডুতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার আয়োজন করে নেপালে ভারতীয় দূতাবাস। কূটনীতিক, সরকারি আধিকারিক, সংবাদমাধ্যমের প্রতিনিধি, প্রাক্তন ক্রিকেটার, কর্পোরেট সংস্থা এবং নেপালে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা এই প্রতিযোগিতায় অংশ নেন।
তিন দিনব্যাপী প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নেয়। ভারতীয় দূতাবাস, নেপালের বিদেশ মন্ত্রক, কাঠমান্ডুর কূটনৈতিক মহল, নেপালি সংবাদমাধ্যম, প্রাক্তন নেপালি ক্রিকেটার, নেপাল সরকারের আধিকারিক, কর্পোরেট সংস্থা এবং ইন্ডিয়ান কমিউনিটি ইন নেপাল— এই দলগুলির মধ্যে জমে ওঠে প্রতিদ্বন্দ্বিতা।
ফাইনালে ভারতীয় দূতাবাস এবং ইন্ডিয়ান কমিউনিটি ইন নেপাল মুখোমুখি হয়। প্রতিযোগিতা শেষে নেপালে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব বিজয়ী দল ও সেরা পারফরমারদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
প্রতিযোগিতা শেষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আগামী বছরের অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়া নেপালের তিন প্রতিভাবান ক্রিকেটার সানা প্রবীণ, কৃষ্মা গুরুং এবং সাবিত্রী ধামির হাতে পেশাদার মানের ক্রিকেট কিট তুলে দেন রাষ্ট্রদূত। আগামী বছর নেপাল ও বাংলাদেশ যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করবে।
ভারতীয় দূতাবাসের বক্তব্য, ক্রিকেট দুই দেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের আবেগের সেতুবন্ধন। এই বার্ষিক প্রতিযোগিতার মাধ্যমে ভারত ও নেপালের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং তরুণ ক্রিকেটারদের এগিয়ে যাওয়ার পথও সুগম হবে।
