রানাঘাট— নদিয়ার রানাঘাট পুরসভাতেও বড় রাজনৈতিক ধাক্কা খেল তৃণমূল। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ ১৩ জন কাউন্সিলরের ইস্তফার জেরে নির্বাচিত পুরবোর্ড কার্যত ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকে রানাঘাট পুরসভার প্রশাসনিক দায়িত্বভার গ্রহণ করলেন রানাঘাটের মহকুমাশাসক। নতুন বোর্ড গঠন না হওয়া পর্যন্ত প্রশাসকের তত্ত্বাবধানেই চলবে পুরসভার সমস্ত কাজ।
মঙ্গলবার রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে মহকুমাশাসক আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর তিনি জানান, পুর এলাকার নাগরিক পরিষেবায় কোনও রকম বিঘ্ন ঘটতে দেওয়া হবে না। সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা এবং পরিষেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও জানান, বাড়ির নকশা অনুমোদন, বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা, সরকারি নিয়ম লঙ্ঘন করে গড়ে ওঠা বহুতলের উপর নজরদারি, রাস্তা, নিকাশি, পানীয় জল, বর্জ্য অপসারণ এবং যান চলাচল সংক্রান্ত পরিষেবা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
রাজ্যে বিজেপি সরকার গঠনের পর একের পর এক পুরসভায় তৃণমূলের কাউন্সিলরদের পদত্যাগের ঘটনা সামনে এসেছে। রাজনৈতিক মহলের মতে, রানাঘাট পুরসভার ঘটনাও সেই ধারাবাহিকতারই অংশ। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ ১৩ জন কাউন্সিলরের ইস্তফার ফলে পুরবোর্ড সংখ্যাগরিষ্ঠতা হারায়। সেই কারণেই নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখতে প্রশাসনিক দায়িত্ব মহকুমাশাসকের হাতে তুলে দেওয়া হয়েছে। নতুন নির্বাচিত বোর্ড দায়িত্ব না নেওয়া পর্যন্ত প্রশাসকের অধীনেই চলবে রানাঘাট পুরসভার প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজ।
