31.5 C
Kolkata
August 13, 2026
বিদেশ

‘অপারেশন অমিস্তাদ’-এ ভেনেজুয়েলায় ভারতের ত্রাণ, পাঠানো হল ফিল্ড হাসপাতাল ও চিকিৎসক দল

দিল্লি, ২৮ জুন— ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার (Venezuela Earthquake) পাশে দাঁড়িয়ে ‘অপারেশন অমিস্তাদ’ (Operation Amistad) শুরু করল ভারত। জরুরি ত্রাণসামগ্রী, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) ফিল্ড হাসপাতাল ইউনিট এবং বিশেষ চিকিৎসক দল পাঠানো হয়েছে দক্ষিণ আমেরিকার ওই দেশে।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jaishankar) সমাজমাধ্যমে জানান, ভারতের পাঠানো ফিল্ড হাসপাতাল, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং ত্রাণসামগ্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প-পরবর্তী উদ্ধার ও পুনর্বাসন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভারতের দূতাবাস জানায়, ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) দুটি সি-১৭ পরিবহণ বিমান প্রায় ৩৫ টন ত্রাণসামগ্রী নিয়ে ভেনেজুয়েলার উদ্দেশে রওনা হয়েছে। এর সঙ্গে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ৪১ সদস্যের একটি ফিল্ড হাসপাতাল দল। তাঁদের মধ্যে রয়েছেন নয় জন চিকিৎসক। জরুরি চিকিৎসা, আঘাতপ্রাপ্তদের অস্ত্রোপচার এবং অন্যান্য স্বাস্থ্য পরিষেবার জন্য প্রয়োজনীয় সরঞ্জামও সঙ্গে পাঠানো হয়েছে।

এ ছাড়া প্রায় ছয় টন চিকিৎসা সামগ্রী এবং মানবিক সহায়তার উপকরণ পাঠিয়েছে বিদেশ মন্ত্রক। একটি বিমানে ‘ভারত হেলথ ইনিশিয়েটিভ ফর সহযোগ, হিত অ্যান্ড মৈত্রী’ (BHISHM Cube)-এর আওতায় একটি ‘ভীষ্ম কিউব’ও পাঠানো হয়েছে, যা দ্রুত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে তৈরি।

বিদেশ মন্ত্রকের মতে, ‘অপারেশন অমিস্তাদ’ ভারতের মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলার অঙ্গীকারেরই প্রতিফলন। প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত বন্ধুপ্রতিম দেশগুলির পাশে দাঁড়াতে ভারত সব সময় প্রস্তুত বলেও জানানো হয়েছে।

গত সপ্তাহে ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে ৭.১ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী, এই বিপর্যয়ে ১,৪৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩,২৩৮ জন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ৩,১৪২টি পরিবার। ভূমিকম্পের পর ৪৩০টিরও বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে।

Related posts

Leave a Comment