31.6 C
Kolkata
June 28, 2026
দেশ

রামমন্দিরের প্রণামী দুর্নীতি মামলায় ধৃতদের বাড়িতে তল্লাশি, উদ্ধার প্রায় ৮০ লক্ষ টাকা

অযোধ্যা, ২৬ জুন: অযোধ্যার রামমন্দিরের প্রণামী নিয়ে অনিয়মের অভিযোগে গ্রেফতার আট অভিযুক্তের বাড়িতে রবিবার তল্লাশি চালাল পুলিশ। স্থানীয় ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হয়। তদন্তকারীদের দাবি, এখনও পর্যন্ত এই মামলায় মোট ৭৯.৮৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ জোরদার করেছে সমাজবাদী পার্টি।


এই মামলায় গ্রেফতার হওয়া আট অভিযুক্ত হলেন অবিনাশ শুক্ল, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মণীশকুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং রামশঙ্কর ওরফে টিনু যাদব। তাঁদের ২৯ জুন পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে অযোধ্যার আদালত। সোমবার ফের আদালতে হাজির করিয়ে পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে।

শনিবার ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’ জানায়, সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি অনিল মিশ্রের ইস্তফাপত্র তাদের হাতে এসেছে। ট্রাস্টের পরবর্তী বৈঠকে সেই ইস্তফার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে ট্রাস্ট জানিয়েছে, প্রণামী সংক্রান্ত অভিযোগের নিরপেক্ষ তদন্তে তারা সম্পূর্ণ সহযোগিতা করছে এবং ভক্তদের দেওয়া গয়না, রুপোর ইট-সহ সমস্ত মূল্যবান সামগ্রী নিরাপদে রয়েছে।

প্রণামী আত্মসাতের অভিযোগে গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) সম্প্রতি তাদের প্রাথমিক রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টের ভিত্তিতেই ট্রাস্টের অন্যতম সদস্য কৃষ্ণ মোহন পুলিশের কাছে আট জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করে পুলিশ এবং রাতেই আট অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

তদন্তে ধৃতদের কয়েক জনের বাড়ি থেকে বিপুল পরিমাণ হিসাব-বহির্ভূত নগদ অর্থ উদ্ধার হয়েছে। পাশাপাশি তদন্তকারীদের দাবি, গ্রেফতার হওয়া কয়েক জনের সঙ্গে ট্রাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি অনিল মিশ্রের যোগাযোগের তথ্যও সামনে এসেছে। সেই সূত্র ধরেও তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Related posts

Leave a Comment