June 27, 2026
কলকাতা

বন্ধ কাঁকিনাড়া জুটমিল খুলছে ১ জুলাই, প্রায় ৩ হাজার শ্রমিকের মুখে হাসি ফেরার বার্তা বিজেপির

কলকাতা — পশ্চিমবঙ্গে শিল্পের পুনর্জাগরণ এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা সামনে এল। দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১ জুলাই থেকে পুনরায় চালু হচ্ছে কাঁকিনাড়া জুটমিল। এই ঘোষণা করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁর দাবি, জুটমিল চালু হলে প্রায় ৩ হাজার শ্রমিক এবং তাঁদের পরিবারের জীবনে নতুন আশার সঞ্চার হবে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতিতেও নতুন গতি আসবে।

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে শিল্প ফেরানো, বন্ধ কলকারখানা পুনরায় চালু করা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ শুরু হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। সম্প্রতি রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও বণিকসভাগুলির সঙ্গে বৈঠকের পর জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে প্রায় ১,৬০০ কোটি টাকার নতুন বিনিয়োগের প্রস্তাব এসেছে। সেই আবহেই কাঁকিনাড়া জুটমিল চালুর ঘোষণা শিল্পমহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শনিবার সমাজমাধ্যমে একটি বার্তায় লকেট চট্টোপাধ্যায় জানান, আগামী ১ জুলাই থেকে কাঁকিনাড়া জুটমিলে আবার উৎপাদন শুরু হবে। তিনি লেখেন, ‘ফিরছে শিল্প, ফিরছে কর্মসংস্থানের আশা। ১ জুলাই থেকে পুনরায় চালু হচ্ছে কাঁকিনাড়া জুটমিল। এর ফলে হাজার হাজার শ্রমিক ও তাঁদের পরিবারের জীবনে ফিরবে নতুন আশার আলো। পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও আসবে নতুন গতি। শিল্পের পুনর্জাগরণই সমৃদ্ধ বাংলার ভিত্তি।’

দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় জুটমিলের শ্রমিক ও তাঁদের পরিবার আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। দুর্গাপুজোর আগে মিল চালুর খবর প্রকাশ্যে আসতেই শ্রমিক মহলে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। বহু শ্রমিকের আশা, দীর্ঘদিন পর আবার নিয়মিত আয় শুরু হলে পরিবারের আর্থিক অবস্থারও উন্নতি হবে।

এর আগে জগদ্দলের একটি বন্ধ জুটমিল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সময় পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানিয়েছিলেন, পর্যায়ক্রমে রাজ্যের অন্যান্য বন্ধ জুটমিলও চালুর চেষ্টা করবে সরকার। কাঁকিনাড়া জুটমিল পুনরায় চালুর ঘোষণা সেই পরিকল্পনারই অংশ বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।

রাজ্য সরকার ইতিমধ্যেই প্রথম বাজেটে সরকারি দপ্তরে এক লক্ষ শূন্যপদে নিয়োগের ঘোষণা করেছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি, মহিলাদের জন্য নতুন প্রকল্প এবং শিল্পে বিনিয়োগ বৃদ্ধির মতো একাধিক পদক্ষেপের কথাও জানানো হয়েছে। এই আবহে কাঁকিনাড়া জুটমিল পুনরায় চালু হওয়ার ঘোষণাকে রাজ্যে শিল্পোন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরছে বিজেপি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শিল্পাঞ্চলে বন্ধ কারখানাগুলি পুনরায় চালু করতে পারলে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হবে। কাঁকিনাড়া জুটমিল চালুর ঘোষণার ফলে সেই প্রত্যাশা আরও জোরালো হয়েছে।

Related posts

Leave a Comment