June 23, 2026
Uncategorized

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়ি থেকে ৪ কোটি টাকার সোনা উদ্ধার

কলকাতা— তৃণমূল নেতা তথা বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে বেআইনি সম্পত্তি এবং তোলাবাজির অভিযোগের তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। তদন্তে নেমে নদিয়ার তেহট্টে জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে প্রায় ৩ কেজি সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ। বাজেয়াপ্ত সোনার বাজারমূল্য ৪ কোটিরও বেশি বলে তদন্তকারী সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার হওয়া সব্যসাচী দত্তকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চালানো হয়। সোমবার গভীর রাতে বিধাননগর পুলিশের একটি দল তেহট্টে টিনা ভৌমিক সাহার বাড়িতে হানা দেয়। অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ সোনার গহনা।

তদন্তকারীদের দাবি, সব্যসাচী দত্তের বেআইনি সম্পত্তির উৎস খতিয়ে দেখতে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। অভিযোগ, তোলাবাজি এবং কালো টাকার মাধ্যমে বিপুল পরিমাণ সোনা সংগ্রহ করা হয়েছিল। এর আগে রাজারহাটে তাঁর ফ্ল্যাট এবং একটি ব্যাঙ্ক লকারে তল্লাশি চালিয়েও সোনার গয়না ও কেনাবেচার একাধিক নথি উদ্ধার হয়েছিল।

সেই সূত্র ধরেই তদন্তকারীরা তেহট্টে পৌঁছন। তল্লাশির সময় সব্যসাচী দত্তকেও সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এরপর টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে প্রায় ৩ কেজি সোনার গয়না উদ্ধার করা হয়।

পুলিশ এখন খতিয়ে দেখছে, এত বিপুল পরিমাণ সোনা টিনা ভৌমিক সাহার কাছে কীভাবে এল। উদ্ধার হওয়া গয়নাগুলির উৎস, মালিকানা এবং আর্থিক লেনদেনের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের স্বার্থে পুলিশ এখনও বিস্তারিত কিছু জানাতে চায়নি।


উল্লেখ্য, চলতি মাসের শুরুতে একাধিক অভিযোগে সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সম্প্রতি বিধানসভা নির্বাচনে বরাসত কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি জয়ী হতে পারেননি। তাঁর বিরুদ্ধে বেআইনি সম্পত্তি, তোলাবাজি এবং আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত চলছে।

এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলের।

Related posts

Leave a Comment