কলকাতা | ২০ জুন: দীর্ঘ ৯ বছরেরও বেশি সময় ধরে বাস ও মিনিবাসের ভাড়া না বাড়ায় আর্থিক সংকটে জর্জরিত রাজ্যের বেসরকারি পরিবহণ শিল্প। রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধানের আশার আলো দেখতে পাচ্ছেন বাসমালিকরা। এমনটাই দাবি করেছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস|
সংগঠনের পক্ষ থেকে গত ১৮ মে পরিবহণ দফতরে ১০ দফা দাবি-সংবলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এরপর ১৪ জুন রাজ্যের নতুন পরিবহণমন্ত্রী অর্জুন সিংহের সঙ্গে দীর্ঘ বৈঠকে অংশ নেন বাস সংগঠনের প্রতিনিধিরা।
জয়েন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানান, দীর্ঘদিন ধরে বেসরকারি পরিবহণ ক্ষেত্রের সমস্যাগুলি নিয়ে আলোচনার সুযোগ ছিল না। নতুন পরিবহণমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভাড়াবৃদ্ধি, টোল ট্যাক্স, টোটো ও অটোর দৌরাত্ম্য এবং পুলিশের একাংশের হয়রানির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, “মন্ত্রী অত্যন্ত সহানুভূতির সঙ্গে বিষয়গুলি শুনেছেন এবং সমস্যাগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। পরে ১৭ জুন দ্বিতীয় দফার বৈঠকও ইতিবাচক হয়েছে।”
দ্রুত সমাধানের আশায় পরিবহণ শিল্প
সংগঠনের দাবি, ইতিমধ্যেই দুই দফায় সমস্ত সমস্যা লিখিতভাবে পরিবহণমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। দীর্ঘদিনের জট দ্রুত কাটতে পারে বলেই আশা করছেন বাসমালিকরা।
বাস সংগঠনগুলির মতে, সরকার রাস্তায় আরও বেশি বাস নামানোর পরিকল্পনা করছে। সমস্যার সমাধান হলে বহু বাসমালিক, যারা আর্থিক ক্ষতির কারণে ব্যবসা ছেড়ে দিয়েছিলেন, তারাও আবার পরিবহণ ব্যবসায় ফিরে আসতে পারেন।
ভাড়াবৃদ্ধি নিয়ে জল্পনা
যদিও সরকারিভাবে এখনও কোনও সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি, তবে দীর্ঘদিন ধরে ভাড়া না বাড়ায় বাসমালিকদের দাবি নতুন করে গুরুত্ব পাচ্ছে। পরিবহণ শিল্পের ভবিষ্যৎ রক্ষায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও পরিবহণমন্ত্রী অর্জুন সিংহের ইতিবাচক ভূমিকার দিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট মহল।
