30.3 C
Kolkata
June 16, 2026
খেলা

ভারতের বিরুদ্ধে ধীর ওভার রেটের খেসারত, জরিমানা গুনতে হচ্ছে পাকিস্তানকে

বার্মিংহাম | ১৬ জুন: আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় জরিমানার মুখে পড়েছে পাকিস্তান। ধীর ওভার রেটের জন্য পাকিস্তান দলের ম্যাচ ফির পাঁচ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)।

ভারতের বিরুদ্ধে গ্রুপ ‘এ’-র গুরুত্বপূর্ণ ম্যাচে সময়ের হিসাব অনুযায়ী পাকিস্তান এক ওভার পিছিয়ে ছিল। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম করলে সংশ্লিষ্ট দলের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।

পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা অপরাধ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অন-ফিল্ড আম্পায়ার ক্লেয়ার পোলোসাক ও জ্যাকলিন উইলিয়ামস, তৃতীয় আম্পায়ার এলোইজ শেরিডান এবং চতুর্থ আম্পায়ার সু রেডফার্ন অভিযোগ দায়ের করেন। ম্যাচ রেফারি ট্রুডি অ্যান্ডারসন জরিমানার সিদ্ধান্ত ঘোষণা করেন।

ম্যাচে ভারত ৬৪ রানের বড় ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে। শুরুতে ১৮ রানে ২ উইকেট হারালেও স্মৃতি মন্ধানার ৪৪ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত।

শেষ দিকে ঋচা ঘোষের ১৭ বলে ঝোড়ো ৩৪ রানের ইনিংসে ভর করে ভারত ২০ ওভারে ১৭০/৬ রান তোলে। জবাবে পাকিস্তান পাওয়ারপ্লেতে ভালো শুরু করলেও ভারতের স্পিন আক্রমণের সামনে ভেঙে পড়ে।

দীপ্তি শর্মা বল হাতে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন। তাঁকে দারুণ সঙ্গ দেন শ্রেয়া চারানি, যিনি ৩ উইকেট নেন। পাকিস্তান ১৭ ওভারেই ১০৬ রানে অলআউট হয়ে যায়।

Related posts

Leave a Comment