30.3 C
Kolkata
June 16, 2026
রাজ্য

অভিষেককে ঘিরে বাড়ছে চাপ, তদন্ত নিয়ে ইঙ্গিত দিলীপ ঘোষের

কলকাতা, ১৬ জুন: রাজ্যে পালাবদলের পর তৃণমূলের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে সক্রিয় হয়েছে ইডি ও সিআইডি। সেই আবহে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরেও তদন্তের চাপ বাড়ছে। মঙ্গলবার এ বিষয়ে মন্তব্য করে জল্পনা আরও উস্কে দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবিষ্যতে গ্রেপ্তার করা হতে পারে কি না, সেই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, “সবে তো শুরু হয়েছে। হাঁটতে আরম্ভ করেছেন, কেউ আগে পৌঁছবেন, কেউ পরে পৌঁছবেন। রাস্তা তো খোলাই আছে।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

দিলীপের দাবি, এতদিন মানুষ ভয়ে অভিযোগ করতে সাহস পেতেন না। এখন পরিস্থিতি বদলেছে। তাঁর কথায়, “এত দিন মানুষ ভয়ে অভিযোগ করত না। এখন অভিযোগ আসছে, ভবিষ্যতে আরও অভিযোগ আসবে। যে রকম তথ্য সামনে আসবে, পুলিশ সেই অনুযায়ী কাজ করবে।”

এদিকে, সোমবার সন্ধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। সেই প্রসঙ্গে কটাক্ষ করে দিলীপ বলেন, “লোকজন ঠিক জায়গায় রেডি হয়ে থাকছে। আমার মনে হয় কোথাও লোকজনকে প্র্যাকটিস করানো হচ্ছে। না হলে টিপ এত সুন্দর হয় কী করে?”

তিনি আরও দাবি করেন, “কুণাল ঘোষ যে ডিম খাবেন, তা তিনি জানতেন।” দিলীপের এই মন্তব্যকে ঘিরেও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

Related posts

Leave a Comment