কলকাতা, ১৬ জুন: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে আচমকাই হাই কোর্টে পৌঁছে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জয়ের বিরুদ্ধে ইলেকশন পিটিশন সংক্রান্ত হলফনামা দাখিল করেন।
বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এই নিয়ে দ্বিতীয় বার হাই কোর্টে গেলেন মমতা। এর আগে গত ১৪ মে ভোট-পরবর্তী অশান্তি সংক্রান্ত একটি মামলায় আদালতে হাজির হয়েছিলেন তিনি।
মঙ্গলবার মমতার হাই কোর্টে উপস্থিতি ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পরে তাঁর আইনজীবীরা জানান, ভবানীপুর কেন্দ্রের নির্বাচনী ফল নিয়ে আইনি চ্যালেঞ্জ জানাতেই তিনি আদালতে এসেছিলেন। এদিন তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং সাংসদ দোলা সেন।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন শুভেন্দু অধিকারী। সেই ফলাফলেই কারচুপির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেত্রী।
উল্লেখ্য, ২০২১ সালেও নন্দীগ্রাম কেন্দ্র থেকে শুভেন্দুর কাছে পরাজিত হওয়ার পর নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছিলেন মমতা। সেই মামলার বিচারপ্রক্রিয়া এখনও চলছে। এবার ভবানীপুরের ফল নিয়েও আইনি লড়াই শুরু করলেন তিনি।
ভোটগণনার দিন থেকেই ভবানীপুরের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা। তাঁর অভিযোগ ছিল, গণনাপ্রক্রিয়া একতরফাভাবে পরিচালিত হয়েছে এবং ভোটে অনিয়ম হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই এবার আনুষ্ঠানিকভাবে আদালতের দ্বারস্থ হলেন তিনি।
