কার্শিয়াং: জিটিএ-র মাধ্যমে হওয়া নিয়োগ দুর্নীতির তদন্তে কাউকে রেয়াত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম পাহাড় সফরে গিয়ে কার্শিয়াংয়ের জনকল্যাণ শিবিরের সভা থেকে তিনি দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের কথা ঘোষণা করেন। একই সঙ্গে পাহাড়ে শীঘ্রই শিক্ষক ও পুলিশ নিয়োগ শুরু হওয়ার কথাও জানান।
সভায় শুভেন্দু বলেন, “আগের মুখ্যমন্ত্রী শুধুমাত্র পর্যটক হিসাবে পাহাড়ে ঘুরে যেতেন। কিন্তু আমি এখানে পর্যটক হিসাবে আসিনি, কাজ করতে এসেছি।” পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি দাবি করেন, আগের আমলে নিয়োগে স্বচ্ছতা ছিল না এবং জিটিএ-র মাধ্যমে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, “না খাউঙ্গা, না খানে দুঙ্গা। সমস্ত দুর্নীতির তদন্ত হবে। কাউকে ছাড়া হবে না।” উল্লেখ্য, জিটিএ-র শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
পাহাড়বাসীর জন্য বড় ঘোষণা করে শুভেন্দু জানান, আগামী কয়েক মাসের মধ্যেই পুলিশে ব্যাপক নিয়োগ হবে। পাশাপাশি শিক্ষক পদেও নিয়োগ করা হবে এবং পুরো প্রক্রিয়াই স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হবে বলে আশ্বাস দেন তিনি।
সভা থেকে তিনি আরও বলেন, ডবল ইঞ্জিন সরকারের সমস্ত উন্নয়নমূলক প্রকল্প ও সুবিধা পাহাড়ের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। তাঁর বক্তব্যে পাহাড়ের উন্নয়ন, কর্মসংস্থান এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি স্পষ্টভাবে উঠে আসে।
