34.7 C
Kolkata
June 14, 2026
রাজ্য

স্বচ্ছতা অভিযানের সূচনায় সোমবার কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু, প্রস্তুতিতে তৎপর প্রশাসন


২০ জুন পশ্চিমবঙ্গ দিবসকে সামনে রেখে রাজ্যজুড়ে স্বচ্ছতা কর্মসূচির সূচনা করতে সোমবার কলকাতা পুরসভায় আসতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর স্বচ্ছতা প্রকল্পকে কেন্দ্র করে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিতে চলেছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই কলকাতা পুরসভার সদর দফতরে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রীর।

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর কলকাতা পুরসভার কোনও কার্যালয়ে এটাই প্রথম সফর নয়। এর আগে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৯ নম্বর বরোর আলিপুর অফিসে প্রশাসনিক বৈঠক করেছিলেন তিনি। তবে সেই সময় কলকাতা পুরসভার রাজনৈতিক পরিস্থিতি বর্তমানের তুলনায় ভিন্ন ছিল।

গত ৪ মে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কলকাতা পুরসভাতেও বদল এসেছে প্রশাসনিক কাঠামোয়। তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর মেয়র পদ থেকে ইস্তফা দেন ফিরহাদ হাকিম। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পুরসভার মেয়াদ থাকলেও মেয়রের পদত্যাগের জেরে পুর বোর্ড বাতিল হয়ে যায়। বর্তমানে কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকেই প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের সঙ্গে পুরসভার সমন্বয় বজায় রাখতে এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বর্ষাকাল ও আসন্ন উৎসবের মরসুমে শহর পরিচালনা সংক্রান্ত নানা বিষয়ে প্রশাসকের সঙ্গে আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কলকাতার বর্তমান নাগরিক পরিষেবা, পরিকাঠামো ও প্রশাসনিক পরিস্থিতি সম্পর্কেও খোঁজ নিতে পারেন তিনি।

মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে পুরসভার অন্দরে প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি সফর ঘিরে পুরসভার রবিবারের ছুটিও বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর। প্রশাসনের দাবি, মুখ্যমন্ত্রীর সফরে যাতে কোনও ধরনের ত্রুটি না থাকে, সে কারণেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment