মালবাজার, ২৭ মে: দুর্নীতির অভিযোগে রাজ্যজুড়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ধরপাকড় চলার মধ্যেই জলপাইগুড়ির মাল পুরসভায় কাটমানির টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। এক পরিবারের অভিযোগের ভিত্তিতে মাল পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অজয় লোহার-সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগকারী বিপুল বর্মণের দাবি, প্রধানমন্ত্রীর আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছিল। অভিযোগ, সেই টাকা নিয়েছিলেন কাউন্সিলর অজয় লোহার। কিন্তু আবাস যোজনার সুবিধা না পাওয়ায় সম্প্রতি তিনি ও তাঁর স্ত্রী প্রীতিলতা বর্মণ টাকা ফেরতের দাবি জানান। সেই দাবি পূরণ না হওয়ায় মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা।
পরিবারের অভিযোগ, থানায় অভিযোগ জানানোর পর থেকেই তাঁদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল অভিযোগ প্রত্যাহারের জন্য। প্রীতিলতা বর্মণের দাবি, অভিযোগ না তোলায় ক্ষুব্ধ হয়ে সোমবার রাতে তাঁর স্বামী বিপুল বর্মণের উপর হামলা চালানো হয়। মালবাজারের চৌপতি এলাকায় কাউন্সিলরের ঘনিষ্ঠরাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় বিপুল বর্তমানে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর প্রীতিলতা বর্মণ পুনরায় থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে কাউন্সিলর অজয় লোহার, তাঁর ভাই আনন্দ লোহার, মালবাজার টাউন তৃণমূলের এক নেতাসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাটমানি নেওয়া, অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি এবং হামলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ভূমিকা এবং অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।
