হাওড়া — পরিবর্তনের পর বাংলায় শিল্পায়নের নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। হাওড়ার সাঁকরাইল এলাকায় বৃহৎ বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশের অন্যতম দুগ্ধ উৎপাদন সংস্থা Amul। প্রায় ৬৫০ কোটি টাকার বিনিয়োগে তৈরি হতে চলেছে অত্যাধুনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ ও উৎপাদন কেন্দ্র। আগামী সপ্তাহেই এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হওয়ার কথা। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, হাওড়ার সালকিয়া ফুড পার্ক এলাকায় এই প্রকল্প গড়ে তোলা হবে। এটি আমুলের প্রথম পূর্ণাঙ্গ মালিকানাধীন ডেয়ারি কারখানা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিদিন বিপুল পরিমাণ দই, লস্যি এবং ঘোল উৎপাদন করা সম্ভব হবে। প্রাথমিক হিসাব অনুযায়ী, উৎপাদন ক্ষমতা দৈনিক ১০ লক্ষ কিলোগ্রাম পর্যন্ত পৌঁছতে পারে।
রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর শিল্প বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই আবহেই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র সঙ্গে বৈঠক করেন জয়েন মেহতা এবং অমিত ব্যাস। বৈঠকে বাংলায় বিনিয়োগ এবং দুগ্ধ শিল্পের সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপরই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্রের খবর, আগামী ১৩ জুনের অনুষ্ঠানে কেন্দ্র ও রাজ্যের একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকতে পারেন। পাশাপাশি কয়েকশো দুগ্ধচাষীকেও আমন্ত্রণ জানানো হতে পারে। এই প্রকল্পকে ঘিরে হাওড়া জেলায় ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।
শিল্প মহলের মতে, এই বিনিয়োগ শুধু দুগ্ধ শিল্পের পরিকাঠামোই শক্তিশালী করবে না, কর্মসংস্থানের নতুন সুযোগও তৈরি করবে। উৎপাদন, পরিবহণ, বিপণন এবং সংশ্লিষ্ট পরিষেবা খাতে বহু মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।
প্রশাসনিক সূত্র আরও জানিয়েছে, হাওড়ার প্রকল্প সফলভাবে চালু হওয়ার পর উত্তরবঙ্গেও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সংস্থার। ফলে আগামী দিনে রাজ্যের আরও বিস্তীর্ণ অঞ্চলে দুগ্ধ শিল্পের বিকাশ ঘটতে পারে।
বিশেষজ্ঞদের মতে, দেশের অন্যতম বৃহৎ দুগ্ধ ব্র্যান্ডের এই বিনিয়োগ পশ্চিমবঙ্গে শিল্পায়নের নতুন বার্তা দেবে এবং কৃষি ও দুগ্ধভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
