33 C
Kolkata
June 1, 2026
রাজ্য

বাসে ফ্রি যাত্রা শুরু

কলকাতা — আজ থেকে রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হল। শহর ও শহরতলির বাসের পাশাপাশি দূরপাল্লার সরকারি বাসেও এই সুবিধা মিলবে। বিজেপি সরকারের ঘোষণামতো ১ জুন থেকে এই প্রকল্প কার্যকর হয়েছে।

পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে এই পরিষেবার জন্য বিশেষ স্মার্ট কার্ড বা পিঙ্ক কার্ড চালু করা হবে। ওই কার্ড দেখিয়ে মহিলা যাত্রীরা জিরো ভ্যালু টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে কার্ড বিতরণ প্রক্রিয়া এখনও শুরু না হওয়ায় আপাতত সরকারি পরিচয়পত্র দেখিয়েই বিনামূল্যে যাতায়াতের সুযোগ দেওয়া হচ্ছে।

আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, রেশন কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স-সহ বিভিন্ন সরকারি পরিচয়পত্র দেখিয়ে বাসে উঠলেই কন্ডাক্টর জিরো ভ্যালু টিকিট দেবেন। এই টিকিটই হবে যাত্রার প্রমাণপত্র।

দূরপাল্লার বাসের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর করা হয়েছে। তবে দীঘা, দার্জিলিং বা অন্যান্য গন্তব্যে যাওয়ার জন্য মহিলা যাত্রীদের আগে সংশ্লিষ্ট সরকারি বাস ডিপো বা কাউন্টার থেকে পরিচয়পত্র দেখিয়ে জিরো ভ্যালু টিকিট সংগ্রহ করতে হবে। এরপর সেই টিকিট নিয়েই বাসে যাত্রা করা যাবে।

সরকারের এই সিদ্ধান্তে খুশি বহু মহিলা যাত্রী। তাঁদের মতে, দৈনন্দিন যাতায়াতের খরচ কমবে এবং কর্মজীবী ও পড়ুয়া মহিলারা সবচেয়ে বেশি উপকৃত হবেন। অনেকেই জানিয়েছেন, এই উদ্যোগ মহিলাদের আর্থিক স্বনির্ভরতার পথে আরও একধাপ এগিয়ে দেবে।

তবে কয়েকজন যাত্রীর মত, যাঁদের আর্থিক সামর্থ্য রয়েছে, তাঁরা চাইলে ভাড়া দিয়ে যাতায়াত করতে পারেন। তাতে সরকারের উপর আর্থিক চাপ কিছুটা কমবে।

পরিবহণ দপ্তরের আশা, এই প্রকল্পের মাধ্যমে আরও বেশি মহিলা শিক্ষা, কর্মসংস্থান এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে সহজে যাতায়াতের সুযোগ পাবেন।

Related posts

Leave a Comment