কলকাতা, ৬ জুন ২০২৬: পশ্চিমবাসীর জন্য বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার নবান্নে প্রশাসনিক বৈঠকের পর তিনি জানান, শীঘ্রই পশ্চিমবঙ্গ বুলেট ট্রেন প্রকল্পের সুবিধা পেতে চলেছে। পরিকল্পনা অনুযায়ী, দিল্লি থেকে লখনউ, বারাণসী, পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত একটি উচ্চগতির রেলপথ গড়ে তোলা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে মাত্র ছয় ঘণ্টার মধ্যে দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছতে পারবেন যাত্রীরা বলে দাবি করেছেন তিনি।
রেলমন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরের মধ্যে পশ্চিমবঙ্গে ৬০টি নতুন ট্রেন চালুর লক্ষ্য নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, রাজ্যে রেল পরিকাঠামোর আধুনিকীকরণ, সংযোগ বৃদ্ধি এবং যাত্রী পরিষেবা উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্পে জোর দিচ্ছে। বুলেট ট্রেন পরিষেবা চালু হলে উত্তরবঙ্গ ও দেশের রাজধানীর মধ্যে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলেও তিনি মত প্রকাশ করেন।
নবান্নে অনুষ্ঠিত বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ রাজ্যের বিভিন্ন মন্ত্রী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশ্বিনী বৈষ্ণব অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে রেলের একাধিক প্রকল্প বাস্তবায়নে বাধার সম্মুখীন হতে হয়েছিল। তাঁর দাবি, বিভিন্ন প্রকল্পের অনুমোদন ও জমি সংক্রান্ত জটিলতার কারণে বহু উন্নয়নমূলক কাজ দীর্ঘদিন আটকে ছিল।
রেলমন্ত্রীর বক্তব্য, বর্তমানে সেই বাধা কাটিয়ে পশ্চিমবঙ্গে রেলের বিভিন্ন প্রকল্প দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, মেট্রো সম্প্রসারণ থেকে শুরু করে নতুন রেলপথ নির্মাণ—সব ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকার পূর্ণ উদ্যমে কাজ করতে প্রস্তুত। এর ফলে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং শিল্প, বাণিজ্য ও পর্যটন ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
