33 C
Kolkata
June 1, 2026
রাজ্য

কাঁসাইয়ে তলিয়ে মৃত্যু ৩ কিশোরের

খড়্গপুর — কাঁসাই নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা। নদীর জলে তলিয়ে মৃত্যু হল তিন কিশোরের। সোমবার সকালে খড়্গপুরের এনিকেত বাঁধ সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে।

মৃতদের নাম নিখিল চারি (১৬), জেনিথ চারি (১৭) এবং ক্যালেব ডি বাঙ্গ (১৬)। তিন জনই খড়্গপুর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ছয় বন্ধুর একটি দল ঘুরতে বেরিয়েছিল। এনিকেত বাঁধের কাছে পৌঁছে তাদের মধ্যে তিন জন কিশোর নদীতে স্নান করতে নামে। বাকি বন্ধুরা নদীর জলে না নামার জন্য বারবার সতর্ক করলেও তারা সেই পরামর্শ শোনেনি বলে জানা গিয়েছে।

নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই প্রবল স্রোতের টানে তলিয়ে যায় তিন কিশোর। বন্ধুদের চোখের সামনেই ঘটনাটি ঘটায় তারা চিৎকার শুরু করে। সেই আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধারকাজে নামলেও নদীর গভীর জল এবং প্রবল স্রোতের কারণে প্রথমে কিশোরদের খুঁজে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়্গপুর থানার পুলিশ এবং উদ্ধারকারী দল।

দীর্ঘ তল্লাশির পর তিন কিশোরকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মাঝিপাড়া এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। একসঙ্গে তিন কিশোরের মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে নদীর প্রবল স্রোতের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে খড়্গপুর থানার পুলিশ।

Related posts

Leave a Comment