26 C
Kolkata
May 28, 2026
রাজ্য

কাঁচরাপাড়ায় কোমরে দড়ি বেঁধে ঘোরানো হল তৃণমূল যুব নেতা বনিকে, উঠল ‘চোর চোর’ স্লোগান

কাঁচরাপাড়ায় তৃণমূলের যুব নেতা অভিজিৎ রায় ওরফে বনিকে হাফপ্যান্ট পরিয়ে কোমরে দড়ি বেঁধে বিভিন্ন এলাকায় ঘোরাল বিজপুর থানার পুলিশ। বৃহস্পতিবার তাঁকে বাবু কোয়ার্টার ও নবীন পল্লি এলাকায় নিয়ে যাওয়া হয়, যেগুলিকে স্থানীয়দের একাংশ বনির ‘ডেরা’ বলেই দাবি করেছেন। পুলিশি পাহারায় বনিকে দেখে এলাকাবাসীদের একাংশ ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন।

শনিবার রাতে মন্দারমনি থেকে বনিকে গ্রেফতার করেছিল পুলিশ। রবিবার ব্যারাকপুর আদালতে তোলা হলে আদালত পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। তদন্তের স্বার্থে বৃহস্পতিবার পুলিশ তাঁকে কাঁচরাপাড়ার বিভিন্ন এলাকায় নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, পুলিশ কোয়ার্টারের ভিতরে পুরসভার বালতি মজুত করে রাখা হত এবং সেগুলি বিক্রি করা হত। এছাড়াও, ওই এলাকায় কে থাকবেন বা কারা ঘর পাবেন, তা-ও বনির নির্দেশেই ঠিক হত বলে দাবি তাঁদের। এলাকাবাসীদের আরও অভিযোগ, ওই চত্বরে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম চলত।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বনি। তাঁর দাবি, “তৃণমূলের যে সব নেতা চুরি করেছে, তারা পালিয়ে গিয়েছে। আমি চুরি করিনি, তাই পালাইনি।”

স্থানীয়দের একাংশের অভিযোগ, শুধু ৩ নম্বর ওয়ার্ড নয়, গোটা কাঁচরাপাড়াজুড়েই দীর্ঘদিন বনির দাপট ছিল।

এর আগে হাওড়াতেও একই ধরনের ঘটনা ঘটেছিল। বোমাবাজি, তোলাবাজি ও পুলিশের উপর হামলার অভিযোগে ধৃত তিন জনকে স্যান্ডো গেঞ্জি ও বক্সার পরিয়ে রাস্তায় ঘোরানো হয়েছিল। পুলিশ সূত্রে দাবি, অপরাধীদের কড়া বার্তা দিতেই এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে।

Related posts

Leave a Comment