26 C
Kolkata
May 28, 2026
রাজ্য

বাদুড়িয়ার পাটের খেতে মাটি খুঁড়ে উদ্ধার ₹২.২৪ কোটি, রাতভর টাকা গুনল পুলিশ

বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যের পাটের খেতে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় টাকা গোনার কাজ, যা চলে পুরো রাতভর। ব্যাঙ্ক ও বিভিন্ন দফতরের আধিকারিকদের উপস্থিতিতে চার বার গোনার পর পুলিশ নিশ্চিত হয়, মোট উদ্ধার হওয়া টাকার পরিমাণ ₹২ কোটি ২৪ লক্ষ। বৃহস্পতিবার ভোরে সেই তথ্য আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে।

সোমবার একটি হোটেল থেকে দীপঙ্করকে গ্রেফতার করেছিল পুলিশ। তখনও তাঁর কাছ থেকে প্রায় ₹৮০ লক্ষ উদ্ধার হয়। মঙ্গলবার আদালত তাঁকে ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। বুধবার পুলিশ তাঁকে সঙ্গে নিয়ে তৃণমূল কার্যালয়ের পাশের একটি জমিতে যায়। সেখানে পাটখেতের মাটি খুঁড়ে ব্যাগভর্তি টাকা উদ্ধার হয়। মোট চারটি ট্রলি ও একটি বস্তাভর্তি টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অধিকাংশই ছিল ₹৫০০ টাকার নোট।

প্রথমে পুলিশের তরফে অনুমান করা হয়েছিল প্রায় ₹৮০ লক্ষ উদ্ধার হয়েছে। পরে যন্ত্রের সাহায্যে দীর্ঘক্ষণ ধরে টাকা গোনার পর প্রকৃত অঙ্ক সামনে আসে।

এর আগেও সোমবার রাতে বাদুড়িয়া পুরসভা পরিচালিত একটি পরিত্যক্ত কম্পিউটার সেন্টার থেকে প্রায় চার হাজার সরকারি ত্রিপল এবং আরও ₹৮০ লক্ষ উদ্ধার করেছিল পুলিশ।

এত বিপুল টাকা কোথা থেকে এল, তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। কারও অভিযোগ, আবাস যোজনার টাকা সরানো হয়েছে। আবার কেউ দাবি করছেন, এটি তোলাবাজির টাকা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাকে কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষও। বৃহস্পতিবার সকালে তিনি বলেন, “সবাই তো আর পার্থ চট্টোপাধ্যায় নন যে বান্ধবীর ফ্ল্যাটে টাকা রাখবেন। এই দলে অনেকেই এত টাকা করেছেন যে কোথায় রাখবেন বুঝতে পারছেন না।”

Related posts

Leave a Comment