আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর মূল অনুষ্ঠান আয়োজিত হবে কলকাতায়। বুধবার কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপরাও যাদব এই ঘোষণা করেন। এ বছরের যোগ দিবসের থিম রাখা হয়েছে “Yoga for Healthy Ageing”, অর্থাৎ সুস্থ বার্ধক্যের জন্য যোগাভ্যাস।
মধ্যপ্রদেশের খাজুরাহোর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আয়োজিত ‘যোগ মহোৎসব ২০২৬’-এ এই ঘোষণা করা হয়। ওই অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবসের ২৫ দিনের কাউন্টডাউনও শুরু হয়েছে। আয়ুষ মন্ত্রকের অধীন মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগ আয়োজিত এই অনুষ্ঠানে হাজার হাজার যোগপ্রেমী অংশ নেন।
প্রতাপরাও যাদব বলেন, আধ্যাত্মিক ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্বে সমৃদ্ধ কলকাতায় এ বছরের মূল অনুষ্ঠান হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর মতে, “Yoga for Healthy Ageing” থিমটি বয়স বাড়ার সঙ্গে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগের গুরুত্বকে তুলে ধরবে।
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনা অনুযায়ী যোগকে দেশের প্রতিটি গ্রাম, পরিবার, স্কুল, অফিস ও সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে আয়ুষ মন্ত্রক কাজ করছে। প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা এবং সুষম জীবনযাত্রার ক্ষেত্রেও যোগের গুরুত্বের উপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে ‘Yoga Sangam Portal’ পুনরায় চালু করা হয়, যার মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে। পাশাপাশি ‘Yoga Park Portal’-ও উদ্বোধন করা হয়েছে, যাতে বিভিন্ন রাজ্য ও প্রতিষ্ঠানে যোগাভ্যাসের জন্য বিশেষ পরিকাঠামো গড়ে তোলা যায়।
এ দিন নতুন ডিজাইনের একটি যোগ-টি শার্টও প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, ‘Yoga 365 Campaign’-এর আওতায় আয়োজিত ১০০ দিনের বিনামূল্যের যোগ প্রশিক্ষণ কর্মসূচিতে ইতিমধ্যেই ২ লক্ষেরও বেশি মানুষ অংশ নিয়েছেন এবং ‘যোগ মিত্র’ শংসাপত্র পেয়েছেন।
