25 C
Kolkata
May 27, 2026
কলকাতা

অ্যামাজনের বড় স্বস্তি, ফিউচার গ্রুপ চুক্তি নিয়ে সিসিআই ও এনসিএলএটির নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টের


ফিউচার গ্রুপে বিনিয়োগ সংক্রান্ত মামলায় বড় স্বস্তি পেল মার্কিন ই-কমার্স সংস্থা অ্যামাজন। বুধবার সুপ্রিম কোর্ট ২০২২ সালের জুন মাসে ন্যাশনাল কোম্পানি ল’ অ্যাপিলেট ট্রাইবুনাল (এনসিএলএটি)-এর দেওয়া নির্দেশ খারিজ করে দেয়। ওই নির্দেশে প্রতিযোগিতা কমিশন (সিসিআই)-এর সিদ্ধান্ত বহাল রাখা হয়েছিল, যেখানে অ্যামাজনের ফিউচার গ্রুপে বিনিয়োগ চুক্তি স্থগিত করা হয়।

বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ সিসিআই-এর ২০২১ সালের ১৭ ডিসেম্বরের নির্দেশও বাতিল করে দিয়েছে। সেই নির্দেশে অ্যামাজনের উপর ২০২ কোটি টাকার জরিমানা চাপানো হয়েছিল।

রায়ে বিচারপতি নাথ বলেন, “উপরের পর্যবেক্ষণের ভিত্তিতে আবেদন মঞ্জুর করা হচ্ছে। ১৩ জুন ২০২২-এ এনসিএলএটি এবং ১৭ ডিসেম্বর ২০২১-এ সিসিআই যে নির্দেশ দিয়েছিল, তা খারিজ করা হল।”

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, আগের নির্দেশের ভিত্তিতে অ্যামাজনের কাছ থেকে যে অর্থ আদায় করা হয়েছিল বা জমা নেওয়া হয়েছিল, তা আট সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে।

ফিউচার কুপনস প্রাইভেট লিমিটেডে অ্যামাজনের বিনিয়োগ ঘিরেই মূল বিতর্ক তৈরি হয়েছিল। ওই বিনিয়োগের মাধ্যমে ফিউচার রিটেলে পরোক্ষ অধিকার পেয়েছিল মার্কিন সংস্থাটি। পরে অভিযোগ ওঠে, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেওয়ার সময় অ্যামাজন নাকি গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই সিসিআই তদন্ত শুরু করে এবং চুক্তি স্থগিত রাখার নির্দেশ দেয়।

এই মামলাকে কেন্দ্র করে গত কয়েক বছরে অ্যামাজন ও ফিউচার গ্রুপের মধ্যে দীর্ঘ আইনি লড়াই চলেছে।

Related posts

Leave a Comment